বিসিবি নির্বাচন নিয়ে তদন্তের দাবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর পরিচালনা পর্ষদ নির্বাচন ২০২৫ সুষ্ঠুভাবে হয়নি, এই মর্মে জাতীয় ক্রীড়া পরিষদের সভাপতি ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেছেন তামিম ইকবালের নেতৃত্বে ঢাকার ক্লাব সংগঠকরা। বিসিবি নির্বাচনে সরকারি প্রভাব এবং অনিয়মের অভিযোগে প্রথম বিভাগ ক্রিকেটে অংশ নেয়নি ৮টি ক্লাব, প্রিমিয়ার লিগ শুরু নিয়েও আছে অনিশ্চয়তা।

তামিম ইকবাল বিসিবি সভাপতি হওয়ার ইচ্ছা পোষণ করেছিলেন, তার সম্পর্কে বিএনপির সংসদ সদস্য ও সাবেক বিসিবি সভাপতি আলি আসগর লবী জানিয়েছিলেন যে তামিম বিএনপির প্রার্থী। তামিমের সঙ্গে বিভিন্ন ক্লাবের প্রতিনিধি হিসেবে বিসিবি নির্বাচনে মনোনয়নপত্র কিনেছিলেন বিএনপির শীর্ষ নেতাদের পুত্ররাও। পরে অনিয়মের অভিযোগ এনে নির্বাচন থেকে সরে দাঁড়ান তামিম ও তার সমমনারা।

জাতীয় ক্রীড়া পরিষদে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করার পর তামিম সাংবাদিকদের জানান, ‘আজ আমরা একটা ফরমাল কমপ্লেনই বলতে পারেন এটা করতে এসেছি। এটা সবচেয়ে অবাক করার বিষয় যেটা হলো যে ৭৬টা ক্লাবের মধ্যে ৫০টা ক্লাব এ বিষয়ে (নির্বাচন) আপত্তি জানিয়েছে এই নির্বাচনটা যে সঠিকভাবে হয়নি, এটাই তো প্রমাণ। আসলে ৭৬টার মধ্যে যদি ৫০টা ক্লাবই এটার সঙ্গে একমত থাকে তাহলে এটাই তো অনেক কিছু প্রমাণ করে।’ রবিবারের অভিযোগের মাধ্যমে প্রথম আনুষ্ঠানিকভাবে কোনো পদক্ষেপ নিল ‘বিদ্রোহী’ ক্লাব সংগঠকরা, এর আগে একাধিক সংবাদ সম্মেলন করে তারা বারবার বিসিবি’র বর্তমান বোর্ডকে অবৈধ বলে আখ্যা দিয়ে এসেছেন ও বিসিবি’র অধীনে কোনো ক্রিকেট প্রতিযোগিতায় অংশ নেওয়া থেকে বিরত আছেন। মাসুদুজ্জামান চান এই অভিযোগের দ্রুত নিষ্পত্তি যাতে ক্রিকেট ফেরে মাঠে, ‘আমরা আসলে এটা এনএসসিতে দিয়েছি আমাদের অভিযোগটা দিয়েছি আমাদের যাবতীয় ঘটনাবলি যা বিগত দিনে ঘটেছে এই সমস্ত জিনিস আমরা জানিয়েছি , আমরা ওনাদের একটা তদন্তের জন্য আবেদন করেছি এই তদন্তটা যাতে ওনারা দ্রুত করে সেদিকে আর কি, যেহেতু আমরা আসলে খেলার মাঠে ফিরে যেতে চাই।’ এই ক্রিকেট সংগঠক মনে করেন দেশে গণতন্ত্র ফিরে আসায় সবকিছু গণতান্ত্রিকভাবে হবে, ‘ক্রিকেটটা ক্রিকেটের মাঠে করা; অনেকদিন যাবৎ আমরা আসলে ক্রিকেটের মাঠ থেকে দূরে আমরা আসলে ক্রিকেটে ফিরে যেতে চাই যে কারণে আমরা চাই যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই জিনিসটা হোক।’

সাবেক বিসিবি পরিচালক ফাহিম সিনহা জানান, তারা আবেদন করেছেন স্বাধীন তদন্ত কর্র্তৃপক্ষের জন্য ‘আমরা আবেদন করেছি একটা ইনডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন বডির জন্য যেখানে আপনার এনএসসির একজন রিপ্রেজেন্টেটিভ থাকতে পারবে এবং ফরমেশনটা কীভাবে হবে এটা সরকার ডিসাইড করবে, অবশ্যই তদন্ত হলে ওখানে আমাদের উইটনেস নেওয়া হবে আমাদের থেকে আপনার ওই টাইমে আমরা কে কী ফেস করেছি কারণ আপনারা জানেন ওই টাইমে আপনার ওই বোর্ডেরই ভাইস প্রেসিডেন্ট আমি ছিলাম তো আমি কী কী ফেস করেছি ভেতরে মানে ইন্টার্নালি আপনার কীভাবে ম্যানিপুলেট করার চেষ্টা করা হচ্ছিল আমার চোখের সামনে ওগুলো আমি যেন বলতে পারি’। তামিম জানান, ‘যে ভাবে রাইট ওয়েটা চুজ করে আবেদন করা দরকার, আমরা সেভাবে রাইট ওয়েতেই আবেদন করছি। সঙ্গে এটা মনে রাখবেন যে এটা সব কিছু সেকেন্ডারি। এই ক্লাবগুলো এদের (বর্তমান বিসিবি পর্ষদ) সঙ্গে একমত না বলেই প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ  সামনে প্রিমিয়ার লিগ এগুলো কিন্তু অনিশ্চিত হয়ে আছে। কোনো খেলা যে হচ্ছে না এই জিনিষটা আমরা ভুলে যাই। তাদের এই উত্তর দিতে হবে যে খেলা কেন হচ্ছে না। হ্যাঁ আপনি ১২টা দল নিয়ে আলাদাভাবে টুর্নামেন্ট করেছেন, ৮টা দলে ১০০-১৫০ খেলোয়াড়... সেকেন্ড ডিভিশনে করা হয়নি, থার্ড ডিভিশনে করা হয়নি, প্রিমিয়ার লিগে যে অবস্থা যদি না হয় তাহলে কী হবে এসব কিন্তু প্রশ্ন করতে হবে। এগুলো জানতে হবে, উনাদের উত্তর দিতে হবে। আমরা রাইট ওয়েতে যেভাবে প্রসেস মেইন্টেন করা যা করা দরকার, ঐ ওয়েতেই যাচ্ছি’।