দেশের ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ও প্রতিযোগিতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) টুর্নামেন্ট কমিটি। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চারদিনের ও ওয়ানডে সংস্করণে পরিবর্তন আনতে চলেছে তারা। চার দলের পরিবর্তে এবার দুই সংস্করণেই ছয়টি দল অংশ নেবে। এতে ঘরোয়া ক্রিকেটারদের ম্যাচ খেলার সুযোগ যেমন বাড়বে, তেমনি পুরো মৌসুমজুড়ে ব্যস্ততাও বাড়বে। তাদের মতো ঢাকার ক্লাব ক্রিকেটের অভিভাবক সংস্থা ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসও (সিসিডিএম) ঘরোয়া ক্রিকেটের কাঠামোয় পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে। নতুন ক্যালেন্ডারে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ লিগের ওয়ানডে প্রতিযোগিতার পাশাপাশি টি-টোয়েন্টিও যুক্ত হতে চলেছে। নিয়মিত লিগের বাইরে এসব প্রতিযোগিতায় ভালো করা ক্রিকেটারদের নিয়ে আলাদা একটি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনাও সাজিয়েছে সিসিডিএম।
‘সিসিডিএম কাপ’ নামের চার দলের এই প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগের সেরা পারফর্মারদের পাশাপাশি একটি বয়সভিত্তিক দল অংশ নেবে। এর মাধ্যমে ঢাকার ক্লাব ক্রিকেটের পারফর্মারদের আরও বড় পরিসরে নিজেদের সামর্থ্য দেখানোর সুযোগ তৈরি হবে। সিসিডিএমের পরিকল্পনা অনুযায়ী, আগামী জুনে টুর্নামেন্টটি মাঠে গড়ানোর কথা রয়েছে। এই বিভাগের এক কর্মকর্তা নিজের নাম প্রকাশ করতে না চেয়ে বলেন, ‘আমরা এবারের ক্যালেন্ডারে সিসিডিএম কাপ নামে একটি টুর্নামেন্ট যুক্ত করেছি। এবার আয়োজন করা সম্ভব না হলে আগামী বছর নিশ্চিতভাবেই করা হবে। তবে আমরা আশাবাদী, এবারই টুর্নামেন্টটি আয়োজন করতে পারব। মূলত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগের সেরা খেলোয়াড়দের নিয়েই এই প্রতিযোগিতা হবে।’
এই টুর্নামেন্টের জন্য প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগের লিগ থেকে মোট ৪৫ জন ক্রিকেটার বাছাই করবে সিসিডিএম। পারফরম্যান্স ও অন্যান্য মানদণ্ড বিবেচনায় ক্রিকেটারদের কয়েকটি শ্রেণিতে ভাগ করে তিনটি দল গঠন করবে তারা। এর সঙ্গে অনূর্ধ্ব-১৮ অথবা অনূর্ধ্ব-১৯ দলের মধ্যে একটিকে নিয়ে চার দলের প্রতিযোগিতা আয়োজন করবে সিসিডিএম।
শুধু নতুন টুর্নামেন্ট যোগ করেই থেমে থাকছে না সিসিডিএম। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ লিগেও ম্যাচের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে তাদের। এতে ক্লাব প্রতিযোগিতায় খেলা ক্রিকেটারদের নিয়মিত প্রতিযোগিতামূলক ক্রিকেটে থাকার সুযোগ বাড়বে। বেশি ম্যাচ খেলার ফলে তাদের পারফরম্যান্সে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সিসিডিএমের এই কর্মকর্তা।
জানা গেছে, নতুন সূচিতে আগামী নভেম্বর-ডিসেম্বরে প্রথম বিভাগ দিয়ে শুরু হবে সিসিডিএমের ব্যস্ততা। এরপর দ্বিতীয় বিভাগ, তৃতীয় বিভাগ লিগ মাঠে গড়াবে। ওয়ানডে সংস্করণে হওয়া এই তিনটি টুর্নামেন্টেই সুপার লিগ থেকে টি-টোয়েন্টি যুক্ত হবে। অর্থাৎ, সুপার লিগে ওঠা দলগুলো ওয়ানডের পাশাপাশি এখন থেকে বাড়তি টি-টোয়েন্টি সংস্করণেও খেলবে। এতে দুই সংস্করণে আলাদা চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ থাকবে দলগুলোর সামনে।
এদিকে তৃতীয় বিভাগের বাছাই পর্ব শুরু হচ্ছে আগামী ২৭ সেপ্টেম্বর। ৭০ দলের এই প্রতিযোগিতায় দুটি দল তৃতীয় বিভাগে উত্তীর্ণ হবে। তবে সময়স্বল্পতার কারণে এবার ওয়ানডের পরিবর্তে টি-টোয়েন্টি সংস্করণে হবে এই টুর্নামেন্ট।