রেকর্ড ৭২ হাজার দর্শকের সামনে মেসির ‘৮৯৯’

৯০০ গোলের মাইলফলক ছুঁতে আর মাত্র এক গোল দরকার লিওনেল মেসির। রবিবার মেজর লিগ সকারে ডি.সি. ইউনাইটেডের বিপক্ষে ক্যারিয়ারের ৮৯৯তম গোলটি করেছেন আর্জেন্টাইন মহাতারকা। আর একটি গোল করলে তিনি হবেন ৯০০ গোল করা ইতিহাসের দ্বিতীয় খেলোয়াড়, এই মুহূর্তে ৯৬০ গোল নিয়ে তার সামনে শুধু ক্রিশ্চিয়ানো রোনালদো।

ইন্টার মায়ামিতে নাম লেখানোর পর ডি.সি. ইউনাইটেডের মাঠে এটিই ছিল মেসির প্রথম ম্যাচ। আগের দুই বছরে তাদের মাঠে মায়ামির ম্যাচে তিনি খেলতে পারেননি চোটের কারণে। এবার তিনি ফিট থাকায় ম্যাচের আবেদন পৌঁছে যায় ভিন্ন মাত্রায়। নিজেদের ঘরের মাঠ ২০ হাজার দর্শক ধারণ ক্ষমতার অডি ফিল্ড থেকে ডি.সি. ইউনাইটেড ম্যাচটি নিয়ে যায় বাল্টিমোরের এমঅ্যান্ডটি ব্যাংক স্টেডিয়ামে। যে কারণে এই পরিবর্তন, তা সফলও হয়। আনুষ্ঠনিক হিসেবে দর্শক ছিলেন এদিন ৭২ হাজার ২৬ জন।

গ্যালারি ঠাসা দর্শকের সামনে মেসি-রদ্রিগো দি পলের গোলে ইন্টার জিতেছে ২-১ এ। ম্যাচের সপ্তম মিনিটে প্রথম সুযোগ পায় ইন্টার মায়ামি। তবে ডি পলের শটে জোর ছিল না, গোলকিপারের বেগ পেতে হয়নি বল ধরতে। মিনিট দশেক পর গোলকিপারকে কোনো সুযোগই দেননি তিনি। ডি.সি. ইউনাইটেডের বক্সে প্রতিপক্ষের একজনের পা থেকে আচমকা বল ছোবল দিয়ে কেড়ে নিয়ে তেলাস্কো সেগোভিয়ার কাছে বাড়ান হার্মান বের্তেরামে। সেগোভিয়ার কাছ থেকে বল পেয়ে জোড়াল কোনাকুনি শটে বল জালে জড়ান ৩১ বছর বয়সী তারকা।

এর ১০ মিনিট পর মেসির গোল। সেখানে বড় কৃতিত্ব মাতেও সিলভেতির। ২০ বছর বয়সী আর্জেন্টাইন এই উইঙ্গার ডি.সি. ইউনাইটেডের রক্ষণভাগকে বোকা বানিয়ে বুদ্ধিদীপ্তভাবে বল বাড়ান বক্সে। মেসি ছুটে গিয়ে গোলকিপারের মাথার ওপর দিয়ে চমৎকার পিচে বল পাঠিয়ে দেন জালে। ৩৮তম মিনিটে আরেকবার গোলের খুব কাছাকাছি যান মেসি। এবার একক প্রচেষ্টায় বল নিয়ে এগিয়ে কয়েকজনকে কাটিয়ে আচমকা শট নেন বক্সের বাইরে থেকে। বল বাইরে চলে যায় প্রায় বার ঘেঁষে।

৯০ মিনিট শেষে যোগ করা সময়ে আরেকবার গোলের সুবাস পেয়েছিলেন মেসি। তবে খুব কাছ থেকে নেওয়া তার শট দারুণভাবে ফিরিয়ে দেন ডি.সি. ইউনাইটেডের গোলকিপার শন জনসন।

হার দিয়ে লিগ শুরুর পর মায়ামির এটি টানা দ্বিতীয় জয়। আগের ম্যাচে মেসির জোড়া গোলে ০-২ গোলে পিছিয়ে পড়েও লস অ্যাঞ্জেলেস এফসিকে ৪-২ গোলে হারিয়েছিল তারা। ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে ইন্টার মায়ামি এখন আছে পয়েন্ট তালিকার চারে।