রাজধানীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

রাজধানী রমনার মিন্টু রোডে রবিবার রাত পৌনে বারোটার দিকে একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো. আব্দুল বারী (৩৫) নিহত হয়েছেন।

রমনা থানার উপ-পরিদর্শক মো. হানিফ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেন। কর্তব্যরত চিকিৎসক রাত ১২টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। 

মৃত আরোহীর পরিচয় এনআইডি কার্ড থেকে জানা গেছে। তিনি নোয়াখালী সদর উপজেলার মোহাব্বতপুর গ্রামের নুরুল হক এর ছেলে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

পুলিশ জানায়, মৃতের স্বজনদের খোঁজ করা হচ্ছে এবং নিকট আত্মীয় পাওয়া গেলে আরও বিস্তারিত তথ্য জানানো হবে।