ইসরায়েলের হামলায় তেহরানে ‘আগুনের নদী’, ক্ষতিগ্রস্ত তেলের ডিপো

টানা নয় দিন ধরে ইরানের সামরিক সংশ্লিষ্ট স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলার পর এবার দেশটির জ্বালানি অবকাঠামোতে আঘাত হেনেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হামলায় ক্ষতিগ্রস্ত তেলের ডিপো থেকে তেল ছড়িয়ে পড়ে রাজধানী তেহরানের কিছু এলাকায় ‘আগুনের নদী’ বয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানা গেছে।

রবিবার এক প্রতিবেদনে আল জাজিরা জানায়, ইসরায়েলি হামলায় ধ্বংস হওয়া ডিপো থেকে ছড়িয়ে পড়া তেল তেহরানের কিছু পয়োনিষ্কাশন ব্যবস্থায় প্রবেশ করে। পরে সেই তেলে আগুন ধরে গেলে শহরের কিছু সড়কের পাশে আগুন জ্বলতে দেখা যায়, যা অনেকেই ‘আগুনের নদী’ হিসেবে বর্ণনা করছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ‘লিভিং ইন তেহরান’ নামের একটি সংস্কৃতি ও শিল্পবিষয়ক অ্যাকাউন্টে পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে, শহরের একটি সড়কের পাশ দিয়ে আগুন জ্বলছে এবং ড্রেনেজ লাইনের ভেতর দিয়ে আগুনের শিখা ছড়িয়ে পড়ছে।

এর আগে ইরানের তেল মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, তেহরানের পশ্চিমে আলবোর্জ প্রদেশের কারাজ শহরসহ অন্তত তিনটি এলাকায় জ্বালানি তেলের ডিপো ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে এসব হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের সুনির্দিষ্ট তথ্য এখনো প্রকাশ করা হয়নি। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।