আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ জিতে ইতিহাস গড়ল ভারত । এই জয়ের আনন্দে উচ্ছ্বাসে ভেসে যায় গোটা দেশ। ক্রিকেটপ্রেমীদের পাশাপাশি বহু তারকাও সোশ্যাল মিডিয়ায় অভিনন্দন জানিয়েছেন টিম ইন্ডিয়াকে।
দেশের প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় দলের জয়ের ছবি শেয়ার করে লিখেছেন, ‘চ্যাম্পিয়নস! আইসিসি (পুরুষদের) টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের জন্য ভারতীয় দলকে অভিনন্দন। অসাধারণ দক্ষতা, দৃঢ়তা ও দলগত মানসিকতার ফল এই জয়। গোটা টুর্নামেন্ট জুড়ে অসামান্য লড়াই করেছে দল। এই জয় প্রতিটি ভারতীয়ের হৃদয় গর্বে ভরিয়ে দিয়েছে।’
একইভাবে শুভেচ্ছাবার্তার বন্যা বইয়ে দিয়েছেন বলিউড তারকারা। যার মধ্যে সব থেকে বেশি নজর কাড়ল অমিতাভ বচ্চনের পোস্ট। নিজের স্বভাবসুলভ রসিকতার সঙ্গেই শুভেচ্ছা জানিয়েছেন অমিতাভ বচ্চন । তিনি টুইটে লেখেন, ‘বলেছিলাম আমি না দেখলে ভারত জিতবে, আর সেটাই হলো!’
তার এই পোস্টে মজার ছলে অনেক অনুরাগী অনুরোধ করেছেন, ভবিষ্যতেও যেন তিনি ম্যাচ না দেখেন! বলিউড সুপারস্টার শাহরুখ খানও টিম ইন্ডিয়ার জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। দলের ট্রফি তোলার ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘দারুণ জয়! আমাদের ‘মেন ইন ব্লু’দের অভিনন্দন। তোমাদের খেলা দেখে আমরা সবাই গর্বিত।’
অভিনেতা অক্ষয় কুমার লিখেছেন, ‘ওয়ার্ল্ড কাপ ঘরে আনার জন্য অভিনন্দন টিম ইন্ডিয়া।’ এছাড়াও শুভেচ্ছা জানিয়েছেন বহু তারকা। জুনিয়র এনটিআর থেকে শুরু করে সোনু সুদ, অর্জুন কাপুর, ভিকি কৌশলসহ অনেক তারকারা।