বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের বাড়ি ‘জলসা’কে ঘিরে ফের হামলার হুমকি। ই-মেইলে মুম্বাইয়ের মেয়র ঋতু তাওড়ে এবং পৌর কমিশনার অশ্বিনী ভিদের কাছে পাঠানো একটি হুমকি শহরের একাধিক জায়গায় সন্ত্রাসবাদী হামলার আশঙ্কা প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় রয়েছে অমিতাভ বচ্চনের জুহুর বাংলোও।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ২০০৮ সালের মুম্বাই হামলার ১৮ বছর পূর্তির দিনেই এই হুমকি সামনে আসায় নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। মুম্বাইয়ের প্রশাসনিক কর্তাদের পাঠানো ওই ই-মেইলে শহরের একাধিক জায়গায় হামলার আশঙ্কার কথা বলা হয়েছে। পাশাপাশি, মুম্বাইয়ের বিভিন্ন পরিকাঠামো এবং জনবহুল এলাকাকে ঘিরেও হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতের একাধিক সংবাদমাধ্যম।
ই-মেইলে খালিস্তানপন্থী সংগঠনগুলোর উল্লেখ রয়েছে। ১৯৮৪ সালের শিখবিরোধী হিংসার প্রসঙ্গ টেনে অভিনেতা অমিতাভ বচ্চন এবং গায়ক দিলজিৎ দোসাঞ্ঝের নামও উঠে এসেছে ওই বার্তায়। তবে মেইলে করা দাবিগুলোর সত্যতা এখনও যাচাই করা হয়নি। এমনকি দিলজিৎ দোসাঞ্ঝের মুম্বাইয়ের আসন্ন বেঙ্গালুরুর কনসার্ট বাতিলেরও হুমকি দেওয়া হয়েছে। ফলে শুধু তারকা অভিনেতার বাড়ি নয়, শহরের বিনোদন জগতের অনুষ্ঠান ঘিরেও নিরাপত্তার প্রশ্ন উঠেছে।
এর আগে চলতি মাসেই অমিতাভ বচ্চনের বাড়ি ‘জলসা’কে ঘিরে বোমা হামলার হুমকি এসেছিল। সেই ঘটনার পর বাংলোর নিরাপত্তা আরও জোরদার করা হয়। অনুরাগীদের সঙ্গে দেখা করার দীর্ঘদিনের অভ্যাস বজায় রেখেও এবার সুরক্ষিত কাচের আড়াল থেকে তাদের অভিবাদন জানিয়েছিলেন অভিনেতা।