যুদ্ধের প্রভাবে জ্বালানি সংকট, বন্ধ কুমিরা–গুপ্তছড়া স্পিডবোট

বিশ্ব বাজারে জ্বালানি সংকটের কারণে চট্টগ্রামের কুমিরা–গুপ্তছড়া নৌরুটে স্পিডবোটে যাত্রী পারাপার বন্ধ হয়ে গেছে। রবিবার (৮ মার্চ) সকাল থেকে হঠাৎ করে এই রুটে স্পিডবোট চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। ঈদুল ফিতরকে সামনে রেখে যাত্রীদের চাপ বাড়তে শুরু করায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে।

বিআইডব্লিউটির নিয়োজিত ইজারাদার জগলুল হোসেন নয়ন বিষয়টি নিশ্চিত করে জানান, মেঘনা অয়েল কোম্পানি থেকে সর্বশেষ সংগ্রহ করা অকটেনের রিজার্ভ রবিবার শেষ হয়ে গেছে। নতুন করে জ্বালানি সংগ্রহের জন্য ব্যাংক পে-অর্ডার দেওয়া হলেও তেল সংকটের কারণ দেখিয়ে মেঘনা অয়েল কোম্পানি সেটি ফেরত দিয়েছে।

তিনি বলেন, প্রতিদিন এ রুটে যাত্রী পারাপারের জন্য প্রায় আড়াই থেকে তিন হাজার লিটার অকটেন প্রয়োজন হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সাম্প্রতিক আন্তর্জাতিক অস্থিরতা ও মধ্যপ্রাচ্যে ইরান–যুক্তরাষ্ট্র–ইসরাইল উত্তেজনার প্রভাব বিশ্ববাজারে জ্বালানি সরবরাহে চাপ সৃষ্টি করেছে। এর প্রভাব পড়তে শুরু করেছে স্থানীয় পর্যায়েও।

জানা গেছে, প্রতিদিন এই নৌরুটে স্পিডবোটে প্রায় এক হাজার যাত্রী যাতায়াত করেন। হঠাৎ করে সার্ভিস বন্ধ হয়ে যাওয়ায় সকাল থেকেই কুমিরা ঘাটে যাত্রীদের ভিড় জমে যায়। অনেকেই দীর্ঘক্ষণ অপেক্ষা করেও গন্তব্যে যেতে না পেরে ফিরে যেতে বাধ্য হন।

আবদুল হামিদ নামে এক যাত্রী বলেন, বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করায় ভোরে স্ত্রী-সন্তানদের নিয়ে বাড়ি যাওয়ার জন্য কুমিরা ঘাটে গিয়েছিলাম। কিন্তু স্পিডবোট না ছাড়ায় বাধ্য হয়ে আবার চট্টগ্রাম শহরের বাসায় ফিরে যেতে হয়েছে।

ঘাটে যাত্রী পারাপারের দায়িত্বে থাকা শামছুল আলম দেলু জানান, যাত্রীর চাপ বিবেচনা করে সীমিতভাবে কিছু সার্ভিস দিয়ে যাত্রী পারাপারের চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।

এ বিষয়ে বিআইডব্লিউটিএ চট্টগ্রাম দপ্তরের সহকারী পরিচালক নয়ন শীল বলেন, জ্বালানি সংকটে স্পিডবোট বন্ধের বিষয়টি আমরা জেনেছি। এটি জাতীয় পর্যায়ের সংকট। তবে ঈদে যাত্রী পারাপারের বিষয়টি বিবেচনা করে মেঘনা অয়েল কোম্পানির সঙ্গে কথা বলে দ্রুত সমাধানের চেষ্টা করা হবে।

এদিকে সাধারণ যাত্রীরা আশঙ্কা প্রকাশ করে বলেন, ঈদের আর মাত্র পাঁচ-ছয় দিন বাকি। এর মধ্যে যদি জ্বালানির পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত না করা হয়, তাহলে সন্দ্বীপ–চট্টগ্রাম নৌপথে যাত্রী পারাপারে বড় ধরনের সংকট সৃষ্টি হতে পারে।