চট্টগ্রামের সন্দ্বীপে পুলিশ সদস্যকে মারধর করে অপহরণ এবং এক লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে মো. করিম (৩৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (৭ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্দ্বীপ থানার মুছাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আব্দুল হাদীর নতুন বাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করিম ওই এলাকার আব্দুল হাদীর ছেলে।
পুলিশ জানায়, গত শনিবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এসপিবিএন-১-এ কর্মরত কনস্টেবল ইসমাঈল হোসেন ছুটিতে নিজ বাড়িতে এসে মুছাপুর ইউনিয়নের পণ্ডিতের হাটের দক্ষিণ পাশে রোবেলের সাইকেল মেরামতের দোকানে যান। এ সময় পূর্বের একটি মাদকবিরোধী পোস্টে করা মন্তব্যকে কেন্দ্র করে করিমসহ ১৫ থেকে ২০ জনের একটি দল তাকে মারধর করে।
একপর্যায়ে তাকে জোরপূর্বক তুলে নিয়ে পণ্ডিতের হাটের দক্ষিণে খুশি জামে মসজিদের দক্ষিণ-পূর্ব পাশে সড়কের ওপর নিয়ে যায়। সেখানে তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করা হয়। পরে ইসমাঈল চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসতে দেখে অভিযুক্তরা তাকে হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়।
পরে ইসমাঈলের ভাই তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। এ ঘটনায় ১৬ জনের নাম উল্লেখ করে এবং আরও পাঁচ থেকে আটজনকে অজ্ঞাতনামা আসামি করে সন্দ্বীপ থানায় মামলা করা হয়।
সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদারের সার্বিক সহযোগিতায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নিজাম উদ্দিন দেওয়ানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে করিমকে গ্রেপ্তার করে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজন হালদার বলেন, আসামি করিমকে গ্রেপ্তার করা হয়েছে। এবং তাকে আদালতে পাঠানো হয়েছে।