তরুণদের জন্য মাছের খামার

নদী, খাল-বিল ও পুকুরে ঘেরা এই ভূখ-ে মাছ শুধু খাদ্য নয়, বরং একটি সম্ভাবনাময় অর্থনৈতিক ক্ষেত্রও। সময়ের সঙ্গে সঙ্গে মাছ চাষ এখন আধুনিক ও বাণিজ্যিক রূপ পেয়েছে। বিশেষ করে শিক্ষিত তরুণদের জন্য ফিশ ফার্মিং বা মাছের খামার হতে পারে লাভজনক ও সম্ভাবনাময় একটি উদ্যোগ। সঠিক পরিকল্পনা, আধুনিক পদ্ধতি এবং বাজার সম্পর্কে ধারণা থাকলে মাছের খামার থেকে স্বল্প সময়েই ভালো আয় করা সম্ভব।

কীভাবে শুরু করবেন

মাছের খামার শুরু করতে প্রথমেই প্রয়োজন উপযুক্ত জায়গা। পুকুর, জলাশয় কিংবা জমিতে কৃত্রিম পুকুর তৈরি করেও মাছ চাষ করা যায়। শুরুতে পুকুরের পানি পরিষ্কার করা, চুন ও সার প্রয়োগের মাধ্যমে পানির গুণাগুণ ঠিক করা জরুরি। এরপর ভালো মানের মাছের পোনা সংগ্রহ করে পুকুরে ছাড়া হয়। সাধারণত রুই, কাতলা, মৃগেল, তেলাপিয়া বা পাঙ্গাসের মতো মাছ বাণিজ্যিকভাবে বেশি চাষ করা হয়।

মাছের খামার শুরু করতে আরও কয়েকটি বিষয় গুরুত্বপূর্ণ। যেমন উপযুক্ত পুকুর বা জলাশয়, ভালো মানের পোনা, সুষম খাদ্য, পানির মান নিয়ন্ত্রণ এবং নিয়মিত তদারকি। এছাড়া স্থানীয় মৎস্য কর্মকর্তাদের কাছ থেকে পরামর্শ নেওয়া বা মাছ চাষের প্রশিক্ষণ নিলে কাজটি আরও সহজ হয়। আধুনিক প্রযুক্তি ব্যবহার করলে উৎপাদনও বাড়ানো সম্ভব।

যা যা জানা জরুরি

মাছ চাষ শুরু করার আগে কিছু মৌলিক বিষয় জানা দরকার। যেমন কোন মাছ কোন পরিবেশে ভালো জন্মায়, পুকুরে মাছের ঘনত্ব কত হবে, কী ধরনের খাবার দিতে হবে এবং রোগ হলে কীভাবে চিকিৎসা করতে হবে। মাছের খামারকে লাভজনক করতে হলে সঠিক ব্যবস্থাপনা খুব গুরুত্বপূর্ণ। পুকুরের পানির মান ঠিক রাখা, নিয়মিত খাবার দেওয়া এবং রোগবালাই থেকে মাছকে সুরক্ষিত রাখা জরুরি। একই পুকুরে একাধিক প্রজাতির মাছ চাষ করলে উৎপাদন বাড়ে। পাশাপাশি স্থানীয় বাজারের চাহিদা অনুযায়ী মাছ নির্বাচন করলে লাভের সম্ভাবনাও বেশি থাকে।

মাছ চাষিদের জন্য সবচেয়ে বড় আতঙ্কের নাম হলো মাছের রোগবালাই।  বেশিরভাগ ক্ষেত্রে রোগের মূল কারণ হলো অপরিচ্ছন্ন পরিবেশ এবং অতিরিক্ত ঘনত্বে মাছ চাষ করা। লাভের আশায় অনেকে ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি পোনা মজুদ করেন। এতে মাছের ওপর চাপ (ঝঃৎবংং) বাড়ে এবং রোগপ্রতিরোধ ক্ষমতা কমে যায়, ফলে সহজেই তারা রোগে আক্রান্ত হয়।

মাছের বেঁচে থাকা, বৃদ্ধি এবং সুস্থতা সম্পূর্ণভাবে নির্ভর করে পানির গুণাগুণের ওপর। কিন্তু দীর্ঘমেয়াদে পুকুরের পানির সঠিক পরিবেশ বজায় রাখা বড় চ্যালেঞ্জ। পানির প্রধান সমস্যাগুলোর মধ্যে রয়েছে দ্রবীভূত অক্সিজেনের অভাব, বিষাক্ত অ্যামোনিয়া গ্যাসের বৃদ্ধি, পিএইচ (ঢ়ঐ) এর ভারসাম্যহীনতা এবং প্ল্যাঙ্কটনের অনিয়ন্ত্রিত বৃদ্ধি। অতিরিক্ত খাবার দেওয়া এবং মাছের মলমূত্র পুকুরের তলদেশে জমা হয়ে পচে গিয়ে বিষাক্ত গ্যাস তৈরি করে। এছাড়াও মেঘলা আবহাওয়ায় সালোকসংশ্লেষণ কম হলে পানিতে অক্সিজেনের তীব্র সংকট দেখা দেয়, যার ফলে মাছ ভেসে ওঠে এবং মারা যেতে পারে।

মাছ চাষের মোট খরচের প্রায় ৬০ থেকে ৭০ শতাংশই ব্যয় হয় মাছের খাবারের পেছনে। খাবারের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচ অনেক বেড়ে যায়, ফলে চাষিদের মুনাফার পরিমাণ কমে আসে। আবার নিম্নমানের খাবার খাওয়ালে মাছের কাক্সিক্ষত বৃদ্ধি হয় না এবং মাছের স্বাস্থ্য খারাপ হয়ে যায়। সঠিক পরিমাণে এবং সঠিক সময়ে খাবার না দিলে খাবারের অপচয় হয়, যা পানির পরিবেশও নষ্ট করে।

তরুণদের এগিয়ে আসা

বর্তমানে অনেক শিক্ষিত তরুণ চাকরির পেছনে না ছুটে কৃষি ও মৎস্য খাতে উদ্যোগ নিচ্ছেন। মাছের খামার এমন একটি খাত, যেখানে তুলনামূলক কম জায়গা ও মূলধন দিয়েও শুরু করা যায়। প্রযুক্তি ও নতুন ধারণা কাজে লাগাতে পারলে এই খাত থেকে ভালো আয় করা সম্ভব। একই সঙ্গে এটি গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করে এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি করে।

লেখক : ফিচার রাইটার