কেরানীগঞ্জে ৩ পিস্তল ও ১২ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ২

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান চালিয়ে তিনটি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি দক্ষিণ)। এ ঘটনায় আরও একজন আসামী পলাতক রয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে ঢাকা জেলা দক্ষিণ ডিবি আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবির পক্ষ থেকে জানানো হয়, ঢাকা জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহিদুল ইসলাম খানের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ) এর একটি দল কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানের অংশ হিসেবে সোমবার (৯ মার্চ) রাতে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকা থেকে ফাহাদুল ইসলাম একলাস (৩১) ও মনির হাওলাদার (৪২) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী হাসনাবাদ সুপার মার্কেটের একটি ভবনের দ্বিতীয় তলা থেকে তিনটি পিস্তল, তিনটি ম্যাগাজিন এবং ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

উদ্ধার করা অস্ত্রগুলোর মধ্যে একটি ৯ এমএম ক্যালিবার এবং দুটি ৭ দশমিক ৬৫ ক্যালিবার পিস্তল রয়েছে। গুলির মধ্যে একটি ৯ এমএম এবং ১১টি ৭ দশমিক ৬৫ ক্যালিবার বলে জানিয়েছে পুলিশ।

ডিবি সূত্রে জানা যায়, এ ঘটনায় জরিফ মিয়া ওরফে কালা জরিফ (৪৩) নামে আরেকজন পলাতক রয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন ধারায় আটটি মামলা রয়েছে।

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।