ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্র জোটের মধ্যে চলমান যুদ্ধে এ পর্যন্ত একমাত্র বিজয়ী হিসেবে আবির্ভূত হয়েছে রাশিয়া।
ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা আজ মঙ্গলবার (১০ মার্চ) ব্রাসেলসে ইইউ রাষ্ট্রদূতদের এক সমাবেশে এই মন্তব্য করেন।
গণহত্যাকারী ইসরায়েল ও তাদের মিত্র যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালিয়ে পুরো মধ্যপ্রাচ্যে উত্তাল করার পর ১১ দিনে গড়িয়েছে এই সংঘাত। তেহরান কঠোর জবাব দিয়ে তেল আবিবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর পাশাপাশি উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতেও হামলা চালিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত হামলা বন্ধের কোনো লক্ষণ নেই।
এই পরিস্থিতিতে রাশিয়ার অবস্থান তুলে ধরে কস্তা বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য নতুন অর্থ সংস্থান পাচ্ছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে বিশ্বের দৃষ্টি ইউক্রেন থেকে সরে গেছে, যা রাশিয়ার জন্য সহায়ক ভূমিকা পালন করছে।
তিনি আরও উদ্বেগ প্রকাশ করে বলেন, ইউক্রেনকে সহায়তার জন্য যে সামরিক সক্ষমতা ও অস্ত্রশস্ত্র পাঠানোর কথা ছিল, তা এখন মধ্যপ্রাচ্যের সংকটের কারণে অন্য খাতে অপসারিত হচ্ছে। এতে রাশিয়া লাভবান হচ্ছে।
কস্তা আন্তর্জাতিক নিয়ম-ভিত্তিক শৃঙ্খলা রক্ষার ওপর জোর দেন, যা বর্তমানে যুক্তরাষ্ট্রের কারণে চ্যালেঞ্জের মুখে পড়েছে বলে তিনি উল্লেখ করেন। সংঘাত আরও বিস্তার রোধে তিনি সতর্ক করে বলেন, এ ধরনের পথ মধ্যপ্রাচ্য, ইউরোপ এবং বিশ্বের অন্যান্য অঞ্চলের জন্যও হুমকি হয়ে দাঁড়াতে পারে।