‘ফ্যামিলি কার্ড’ বর্তমান সরকারের বড় সাফল্য : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল, পাইলটিং পর্যায়ে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নের লক্ষ্যে নাটোরের লালপুরে কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন। মঙ্গলবার (১০মার্চ) বিকেল ৫টায় লালপুরের গৌরিপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে পাইলটিং পর্যায়ে লালপুর উপজেলার ২নং ঈশ্বরদী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের উপকারভোগী পরিবারের সদস্যদের হাতে ‘ফ্যামিলি কার্ড’ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। নাটোরের জেলা প্রশাসক আসমা শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড বর্তমান সরকারের একটি বড় সাফল্য, পর্যায়ক্রমে সকলেই  এই কার্ড পাবেন।  ইতোমধ্যেই যারা কার্ড পেয়েছেন তাদের মোবাইল ওয়ালেট এবং ব্যাংক একাউন্টে আড়াই হাজার টাকা করে পৌঁছে গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, লালপুরের ২নং ঈশ্বরদী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে ১৮২৫টি পরিবারের জরিপ করা হয়। এর মধ্যে ৩৭৮ টি পরিবারকে ভাতা দেওয়ার জন্য চূড়ান্ত করা হয়েছে। যাদের পিএমটি স্কোর শূন্য থেকে ৮১৪ এর মধ্যে তাদের ভাতা দেওয়া হচ্ছে বলেও জানা গেছে।