মধ্যপ্রাচ্যকে ঘিরে চলমান সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। জানা গেছে মধ্যপ্রাচ্যে ক্রমেই তীব্র হতে থাকা যুদ্ধ পরিস্থিতি নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন তিনি। এ সময় উদ্বেগ প্রকাশ করেন তিনি। জাতিসংঘ মহাসচিবের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, দুই নেতা বর্তমান সামরিক উত্তেজনা নিয়ে আলোচনা করেছেন। এ সময় গুতেরেস সব পক্ষকে ‘আন্তর্জাতিক আইন পুরোপুরি মেনে চলা’ এবং ‘বেসামরিক নাগরিক ও বেসামরিক স্থাপনায় যেকোনো ধরনের হামলা থেকে বিরত থাকার’ আহ্বান জানান।
বিবৃতিতে আরও বলা হয়, ‘তিনি (গুতেরেস) এই সংঘাত আঞ্চলিক পর্যায়ে ছড়িয়ে পড়া এবং বিশ্ব অর্থনীতির ওপর এর প্রভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।’ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরান ইতিমধ্যে ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন সামরিক অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে। এতে উড়োজাহাজ চলাচল ব্যাহত হচ্ছে এবং জ্বালানি তেলের দাম হু হু করে বাড়ছে।