‘বুমরাকে আমিই স্লোয়ার বল শিখিয়েছি’—দাবি পাকিস্তানি বংশোদ্ভূত পেসারের!

পাকিস্তানে জন্ম নেওয়া সংযুক্ত আরব আমিরাতের পেসার জহুর খান এক চমকপ্রদ দাবি করেছেন। তার দাবি, ভারতীয় তারকা পেসার জাসপ্রিত বুমরার স্লোয়ার বলের কৌশল উন্নত করতে তিনি সাহায্য করেছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে জহুর বলেন, ২০১৯ সালের আইপিএল চলাকালে তিনি মুম্বাই ইন্ডিয়ান্স দলের নেট বোলার ছিলেন। তখনই বুমরার সঙ্গে তার এই বিষয়ে আলোচনা হয়। সেই সময় আবুধাবিতে এক ম্যাচে ট্রেন্ট বোল্ট ও নাথান কুল্টার-নাইলসহ বুমরা অনেক রান দিয়ে ফেলেছিলেন। পরে নেটে অনুশীলনের সময় তিনি একই অ্যাকশনে স্লোয়ার বল করার কৌশল দেখান।আরব আমিরাতের পেসার জহুর খান।

তার ভাষায়, “বুমরা আগেও স্লোয়ার বল করত, কিন্তু স্বাভাবিক অ্যাকশনে। আমি তাকে বলেছিলাম, একই অ্যাকশন ও একই গ্রিপ রেখে কীভাবে স্লোয়ার বল করা যায়।”

জহুর বলেন, সেই সময় মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং কোচ ছিলেন শেন বন্ড এবং দলের প্রধান কোচ ছিলেন মাহেলা জয়াবর্ধনে। তারা নেটে তার বোলিং দেখেছিলেন এবং স্লোয়ার বলের গ্রিপ সম্পর্কে জানতে চেয়েছিলেন। পরে নেটে বুমরাকে সেই কৌশল দেখান জহুর। বুমরা তখন তাকে বলেন, “এটা তো একদম নেক্সট লেভেলের ব্যাপার।”

জহুর আরও বলেন, তিনি এখন সংযুক্ত আরব আমিরাতের হয়ে খেললেও বুমরাহ বিশ্বমানের বোলার। তবুও এত বড় তারকা হয়ে তার কাছ থেকে শেখার আগ্রহ দেখানো তাকে মুগ্ধ করেছে।

বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে জাসপ্রিত বুমরাহ বিশ্বের অন্যতম সেরা ফাস্ট বোলার হিসেবে বিবেচিত হন, বিশেষ করে তার ইয়র্কার ও স্লোয়ার বল ব্যাটারদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।