৯০০ গোলের দোরগোড়ায় মেসি, রাত পোহালেই ইতিহাস?

ফুটবল ইতিহাসে একের পর এক রেকর্ড গড়া লিওনেল মেসি আবারও নতুন এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে। ক্যারিয়ারে এখন পর্যন্ত তার গোলসংখ্যা ৮৯৯। অর্থাৎ আর মাত্র একটি গোল করলেই ৯০০ গোলের অনন্য কীর্তি গড়বেন আর্জেন্টিনার এই বিশ্বকাপজয়ী তারকা।

সবকিছু ঠিক থাকলে বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় ন্যাশভিল এফসির বিপক্ষে কনকাকাফ চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচেই তিনি এই মাইলফলক ছুঁয়ে ফেলতে পারেন। ফলে ম্যাচটি ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ এখন তুঙ্গে। ক্যারিয়ারের দীর্ঘ পথচলায় মেসি এখন পর্যন্ত খেলেছেন ১,১৪০টি ম্যাচ, করেছেন ৮৯৯ গোল এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৪০৭টি গোল। ক্লাব ও জাতীয় দলের হয়ে সমানতালে গোল করে গেছেন তিনি।

স্প্যানিশ ক্লাব বার্সেলোনার হয়ে মেসির গোলসংখ্যা সবচেয়ে বেশি—৬৭২টি। ফরাসি ক্লাব পিএসজির হয়ে করেছেন ৩২ গোল। আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে তার গোল ১১৫টি। আর বর্তমান ক্লাব ইন্টার মায়ামির হয়ে ইতিমধ্যে করেছেন ৮০ গোল। মেসির গোলগুলোর মধ্যে ১১২টি এসেছে পেনাল্টি থেকে, আর ৭০টি ফ্রি–কিক থেকে। ফ্রি–কিক থেকে গোল করার দক্ষতায় তিনি ফুটবল ইতিহাসের অন্যতম সেরা হিসেবে বিবেচিত।

মেসির ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় বছর ছিল ২০১২। সে বছর বার্সেলোনা ও আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে মোট ৯১ গোল করেছিলেন মেসি, যা এক বছরে কোনো ফুটবলারের সর্বোচ্চ গোলের অন্যতম রেকর্ড। সেই মৌসুমে বার্সেলোনার হয়ে ৭৯ গোল এবং আর্জেন্টিনার হয়ে করেছিলেন ১২ গোল।

মেসির ক্যারিয়ারে বড় বড় মাইলফলকও এসেছে উল্লেখযোগ্য ম্যাচে। তার ১০০তম গোল ছিল দিনামো কিয়েভের বিপক্ষে। ২০০তম গোল রিয়াল মাদ্রিদের বিপক্ষে স্প্যানিশ সুপারকাপে। ৩০০তম গোল করেছিলেন রায়ো ভায়েকানোর বিপক্ষে, ৪০০তম গ্রানাদার বিপক্ষে এবং ৫০০তম গোল আসে ভ্যালেন্সিয়ার বিপক্ষে। পরে ৬০০ ও ৭০০তম গোল করেন আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে। ২০২৩ সালে পানামার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে করেন ৮০০তম গোল।

শুধু গোলই নয়, শিরোপার দিক থেকেও মেসি ইতিহাসের অন্যতম সফল ফুটবলার। ক্যারিয়ারে এখন পর্যন্ত তিনি জিতেছেন ৪৮টি ট্রফি। এর মধ্যে বার্সেলোনার হয়ে ৩৫টি, পিএসজির হয়ে ৩টি, আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ৬টি এবং ইন্টার মায়ামির হয়ে ৩টি শিরোপা রয়েছে। সর্বশেষ শিরোপা ছিল ২০২৫ সালের এমএলএস কাপ।

গত বছরও দারুণ ফর্মে ছিলেন মেসি। ইন্টার মায়ামি ও আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ৫৪ ম্যাচে করেছিলেন ৪৬ গোল। এর মধ্যে মেজর লিগ সকারের নিয়মিত মৌসুমে তিনি ছিলেন সর্বোচ্চ গোলদাতা এবং সর্বাধিক অ্যাসিস্টদাতা। সর্বোচ্চ গোলের তালিকায় ধরাছোঁয়ার বাইরে আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তার গোলসংখ্যা এখন ৯৬৫। এই বয়সে হাজার গোলের লক্ষ্যে ছুটে চলছেন পর্তুগিজ মহাতারকা।