জামালপুরের বকশীগঞ্জে দিনে দুপুরে ছিনতাই হওয়া সেই অটোভ্যান চালকের পাশে দাঁড়িয়েছেন শফিকুল ইসলাম ও সাইদুর রহমান নামে লন্ডন প্রবাসী দুই ভাই। তাদের নিজস্ব অর্থায়নে সেই আকালু মিয়াকে নতুন একটি অটোভ্যান দেওয়া হয়েছে।
বুধবার (১১ মার্চ) দুপুরের দিকে উপজেলা পরিষদ চত্বরে বৃদ্ধ সেই চালক আকালু মিয়াকে নতুন ভ্যান দেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল হাই আনুষ্ঠানিকভাবে আকালু মিয়ার হাতে ভ্যানটি হস্তান্তর করেন।
এ সময় উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, দুই লন্ডন প্রবাসীর বাবা আবদুর রাজ্জাক ও ভ্যান চালক আকালু মিয়ার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
লন্ডন প্রবাসী শফিকুল ইসলাম ও ছাইদুর রহমান বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের আইরমারী গ্রামের বাসিন্দা। ভ্যানটি পেয়ে প্রবাসী শফিকুল ইসলাম ও ছাইদুর রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবদুল হাই বলেন, কয়েকদিন আগে ভ্যান চালক আকালু মিয়ার কাছ থেকে ভ্যানটি ছিনতাই হয়। পরে লন্ডন প্রবাসী দুই ভাই আমার সঙ্গে যোগাযোগ করেন এবং বৃদ্ধ চালককে নতুন ভ্যান প্রদানের আশ্বাস প্রদান করেন। তাদের দেওয়া ভ্যানটি আজ চালককে হস্তান্তর করা হয়। দুই ভাইয়ের এমন মানবিকতায় প্রশংসায় ভাসছেন লন্ডন প্রবাসী শফিকুল ইসলাম ও ছাইদুর রহমান।