ত্রিশালে বেতন-বোনাসের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের রাস্তা অবরোধ 

ময়মনসিংহের ত্রিশালে বেতন বোনাসের দাবিতে গার্মেন্টস শ্রমিকরা একঘণ্টা ত্রিশাল-বালিপাড়া আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখে। পরে কর্তৃপক্ষ বেতন-বোনাস ঈদের আগে প্রদান করবে বলে ঘোষণা করলে শ্রমিকরা তাদের অবরোধ প্রত্যাহার করে নেয়।

জানা যায়, বুধবার বেলা ১১টার সময় ত্রিশাল থানাধীন রামপুর ইউনিয়নের বীর রামপুর সাকিনস্থ জেওসি বিডি গার্মেন্টস কোম্পানি লিমিটেডের সকল গার্মেন্টস শ্রমিকদের উদ্দেশ্যে গার্মেন্টস মালিক মিস্টার গু দোভাষীর মাধ্যমে ঘোষণা করেন যে চলতি (মার্চ) মাসের ১৫ দিনের বেতন প্রদান করবেন এবং বোনাস ঈদের পরে দেওয়া হবে। এতে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে ত্রিশাল টু বালিপাড়া আঞ্চলিক সড়ক ১১:৪৫ হতে দুপুর ১২:৪৫ মিনিট পর্যন্ত অবরোধ করে রাখে এবং ঈদের আগে বেতন-বোনাসের দাবিতে বিক্ষোভ করতে থাকে।  

খবর পেয়ে ত্রিশাল থানা পুলিশসহ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ৫ এর অতিরিক্ত পুলিশ সুপার রায়হানা আক্তার এবং সহকারী পুলিশ সুপার লুৎফুর রহমান ও ত্রিশালের সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে গার্মেন্টস শ্রমিক এবং গার্মেন্টস মালিকপক্ষের সঙ্গে কথা বলেন। পরবর্তীতে গার্মেন্টস মালিকপক্ষ আগামী ১৬ ই মার্চ ১০ দিনের বেতন এবং ঈদের বোনাস প্রদান করবেন বলে ঘোষণা দিলে দুপুর ১২:৪৫ ঘটিকার দিকে গার্মেন্টস শ্রমিকরা রাস্তা অবরোধ প্রত্যাহার করে নেন।

গার্মেন্টস শ্রমিক, রতন মিয়া এবং ফাতেমার বেগম জানান, আমরা বেতন-বোনাস না পাই তাহলে ঈদে পরিবারের জন্য কেনা-কাটা করতে পারব না।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন জানান, বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং পুলিশের ঘটনাস্থল পর্যবেক্ষণ রয়েছে।