কুমিল্লার বরুড়ায় পানিতে ডুবে জুনাইরা ও তাসলিমা নামের ১৮ মাস বয়সী দুই যমজ শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শাকপুর ইউনিয়নের কাছিয়াপুকুরিয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশু দুটি কাছিয়াপুকুরিয়া গ্রামের বাসিন্দা জসিম উদ্দিনের সন্তান।
স্থানীয় সূত্র ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুপুরে নিজ বাড়ির আঙিনায় খেলছিল যমজ দুই বোন জুনাইরা ও তাসলিমা। খেলার একপর্যায়ে সবার অলক্ষে তারা বাড়ির পাশের জলাশয়ে পড়ে যায়। কিছুক্ষণ পর তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে জলাশয়ে দুই শিশুকে ভাসমান অবস্থায় দেখতে পান স্বজনেরা।
পরে দ্রুত উদ্ধার করে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।
একসঙ্গে দুই সন্তানের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে আশপাশের পরিবেশ।
এ বিষয়ে জানতে চাইলে বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, সংবাদমাধ্যমের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
জামালপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
ভোলায় পুকুরে ডুবে প্রাণ গেল ২ শিশুর