হরমুজ প্রণালিতে তিন কার্গো জাহাজে হামলা

পারস্য উপসাগরের অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে বুধবার (১১ মার্চ) পরপর তিনটি কার্গো জাহাজে রহস্যজনক হামলার ঘটনা ঘটেছে। অজ্ঞাত বস্তুর আঘাতে তিনটি জাহাজই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় একটি জাহাজে অগ্নিকাণ্ডের সৃষ্টি হলে অধিকাংশ নাবিককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, বুধবার হরমুজ প্রণালিতে অজ্ঞাত বস্তুর আঘাতে প্রথমে থাইল্যান্ডের পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার ‘মায়ুরি নারি’ ক্ষতিগ্রস্ত হয়। ওমানের ১১ নটিক্যাল মাইল উত্তরে হামলার শিকার এই জাহাজে পরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরবর্তীতে ইউকেএমটিও নিশ্চিত করেছে যে, জাহাজটির আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং পরিবেশগত কোনো বিপর্যয় ঘটেনি। বর্তমানে জাহাজে প্রয়োজনীয় সংখ্যক নাবিক অবস্থান করছেন।

একই দিনে জাপানের পতাকাবাহী কন্টেইনার জাহাজ ‘ওয়ান ম্যাজেস্টি’ সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহের ২৫ নটিক্যাল মাইল উত্তর-পশ্চিমে অজ্ঞাত বস্তুর আঘাতে সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। নিরাপত্তা সূত্র জানিয়েছে, জাহাজটির নাবিকরা সবাই নিরাপদে রয়েছেন এবং জাহাজটি বর্তমানে নিরাপদ নোঙরস্থানের দিকে এগিয়ে যাচ্ছে।

তৃতীয় হামলার শিকার হয়েছে মার্শাল আইল্যান্ডসের পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার ‘স্টার গুইনেথ’। মেরিটাইম ঝুঁকি ব্যবস্থাপনা কোম্পানি ভ্যানগার্ডের বরাত দিয়ে জানা গেছে, দুবাইয়ের প্রায় ৫০ মাইল উত্তর-পশ্চিমে এই জাহাজে হামলা চালানো হয়। এতে জাহাজটির ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও সব নাবিক নিরাপদ রয়েছেন।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরান সংঘাত শুরুর পর থেকে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ব্যাপক হ্রাস পেয়েছে। বৈশ্বিক তেল ও গ্যাস সরবরাহের প্রায় ২০ শতাংশ এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ দিয়ে পরিবহন করা হয়। সর্বশেষ এই ঘটনাসহ সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত মোট ১৪টি জাহাজে হামলার ঘটনা ঘটল।