চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের রানীনগর হটাৎপাড়া গ্রামে স্ত্রীকে হত্যার পর মরদেহ টয়লেটের ট্যাংকে রাখার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।
বুধবার (১১ মার্চ) সকালে পুলিশ নিহত গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী মিজানুর রহমানকে আটক করে পুলিশে দিয়েছে গ্রামবাসি। নিহত গৃহবধূর নাম নাসিমা বেগম (৩৮)। সে হটাৎপাড়ার গ্রামের আব্দুস সালামে মেয়ে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি হুমায়ুন কবির ও স্থানীয়রা জানায়, পারিবারিক বিরোধের জের ধরে মঙ্গলবার দিবাগত গভীর রাতে স্বামী মিজানুর রহমান তার স্ত্রী নাসিমা বেগমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে বাড়ির টয়লেটের ট্যাংকের ভেতরে লুকিয়ে রাখে। পরে ঘটনাটি ধামাচাপা দিতে সে এলাকা থেকে পালিয়ে যায়।
পরবর্তীতে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। স্ত্রী হত্যাকান্ডের পর পালিয়ে যাওয়া স্বামী মিজানুর রহমানকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এব্যাপারে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি হুমায়ুন।