মাদরাসাছাত্রকে বিবস্ত্র করে চুল কেটে নির্যাতন, গ্রেপ্তার ১

খেলাধুলার বিরোধকে কেন্দ্র করে বগুড়ার শেরপুরে এক মাদরাসার ছাত্রকে আটকে রেখে মারধর, বিবস্ত্র করে নাচানো এবং মাথার চুল কেটে নির্যাতন করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ এক যুবককে গ্রেপ্তার করেছে। নির্যাতনের শিকার ছাত্রটি স্থানীয় শেরপুর শহীদিয়া আলিয়া কামিল মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্র।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, উপজেলার হামছায়াপুর গ্রামের জহুরুল ইসলামের ছেলে মাহমুদুল হাসান (১৩) গত ৬ মার্চ দুপুরে খেলাধুলা নিয়ে বিরোধের জেরে কয়েকজন যুবক তাকে তুলে নিয়ে শেরপুর উপজেলার খন্দকারটোলা এলাকায় নিয়ে আটকে রেখে মারধর করে। এক পর্যায়ে তাকে বিবস্ত্র করে নাচায় এবং মাথার চুল কেটে নির্যাতন করা হয়। নির্যাতনের কারণে কিশোরটি অসুস্থ হয়ে পড়লে পরে স্থানীয়ভাবে তার চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় কিশোরটির বাবা জহুরুল ইসলাম মঙ্গলবার (১০ মার্চ) দিবাগত রাতে শেরপুর থানায় ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার পর অভিযান চালিয়ে একই রাতেই এজাহারভুক্ত আসামি মোতালেব আলভীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বাড়ি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বেংনাই গ্রামে। তিনি শেরপুর উপজেলার খন্দকারটোলা এলাকায় আত্মীয়ের বাড়িতে থেকে অনলাইনে পাঞ্জাবির ব্যবসা করতেন।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, গ্রেপ্তার হওয়া মোতালেব আলভী মামলার দুই নম্বর এজাহারভুক্ত আসামি। বুধবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিরা পলাতক রয়েছে এবং তাদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।