ইয়ামালের গোলে বার্সার রক্ষা

চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে নিউক্যাসেল ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে হারতে বসা বার্সেলোনাকে রক্ষা করলেন তরুণ তুর্কি লামিন ইয়ামাল। গত মঙ্গলবার রাতে সেন্ট জেমস পার্কে অনুষ্ঠিত শেষ ষোলোর প্রথম লেগের এই ম্যাচে যোগ করা সময়ে গোল করে বার্সেলোনার ইতিহাসে নতুন এক রেকর্ড নিজের নামে করে নিয়েছেন এই ১৮ বছর বয়সী ফরোয়ার্ড।

ম্যাচের নির্ধারিত সময় শেষে যখন নিউক্যাসেল ১-০ গোলে এগিয়ে ছিল, তখন পরাজয় প্রায় নিশ্চিতই মনে হচ্ছিল হানসি ফ্লিকের শিষ্যদের। তবে ইনজুরি টাইমের শেষ মুহূর্তে (৯৫ মিনিটে) দানি ওলমো ডি-বক্সের ভেতর ফাউলের শিকার হলে পেনাল্টি পায় বার্সেলোনা। অল্প বয়সেও অসীম সাহসিকতার পরিচয় দিয়ে পেনাল্টি নিতে এগিয়ে আসেন ইয়ামাল। গোলরক্ষককে পরাস্ত করে বল জালে জড়িয়ে বার্সেলোনাকে গুরুত্বপূর্ণ ১-১ সমতায় ফেরান তিনি। এর ফলে ফিরতি লেগের আগে সুবিধাজনক অবস্থানে থাকল কাতালান ক্লাবটি।

বিখ্যাত ফুটবল পরিসংখ্যান ভিত্তিক প্রতিষ্ঠান ‘অপটা’-এর তথ্য অনুযায়ী, ইয়ামালের এই গোলটি বার্সেলোনার চ্যাম্পিয়নস লিগের ইতিহাসের সবচেয়ে দেরিতে করা পেনাল্টি গোল। গোলটি করার সময় ঘড়ির কাঁটায় সময় ছিল ৯৫ মিনিট ৫০ সেকেন্ড। এর মাধ্যমে তিনি ক্লাবের রেকর্ড বইয়ে নিজের নাম নতুনভাবে লিখলেন।

ইস্তাম্বুলে হার লিভারপুলের : লিভারপুলের কোচ হিসেবে আর্নে স্লটের ১০০তম ম্যাচের মাইলফলকটি সুখকর হলো না। উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ১৬-র প্রথম লেগের লড়াইয়ে তুরস্কের ক্লাব গ্যালাতাসারের কাছে ১-০ গোলে হেরে গেছে অল-রেডরা। ইস্তাম্বুলের রামস পার্কে ম্যাচের মাত্র ৭ মিনিটেই এগিয়ে যায় গ্যালাতাসারে। গ্যাব্রিয়েল সারার কর্নার থেকে ভিক্টর ওশিমেন হেড করলে বল পান মারিও লেমিনা। চমৎকার হেডে বল জালে জড়িয়ে স্বাগতিকদের লিড এনে দেন এই প্রাক্তন প্রিমিয়ার লিগ মিডফিল্ডার।

ম্যাচ শেষে রেফারির সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেন আর্নে সøট। তিনি বলেন: ‘প্রিমিয়ার লিগে অনেক কিছুতে ছাড় দেওয়া হলেও চ্যাম্পিয়নস লিগে তা হয় না। গোলটি বাতিলের সিদ্ধান্ত সঠিক কি না তা বিচার করা কঠিন। তবে আমি অবাক হয়েছি যে আমাদের বিরুদ্ধে ফাউলের বাঁশি বাজাতে রেফারি যতটা দ্রুত ছিলেন, আমাদের ন্যায্য পেনাল্টির ক্ষেত্রে ততটা ছিলেন না।’