১৬ ঘণ্টার অভিযানে উদ্ধার অপহৃত তরুণ, চক্রের প্রধান গ্রেপ্তার

কক্সবাজারের চকরিয়ার হারবাং থেকে অপহৃত দোকান কর্মচারী মোহাম্মদ পারভেজকে (১৭) অবশেষে উদ্ধার করেছে চকরিয়া থানা পুলিশ। দীর্ঘ ১৬ ঘণ্টার বিরতিহীন অভিযানে রামুর ঈদগড় এলাকা থেকে অপহরণের প্রধান হোতা নুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

তার স্বীকারোক্তিতে অপহৃত পারভেজকে বুধবার (১১ মার্চ) রাত ১০টার দিকে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের রিংভং ছাগীর শাহ কাটা এলাকা থেকে উদ্ধার করা হয়।

চকরিয়া থানার অপারেশন অফিসার (এসআই) ফরিদ হোসেন বলেন, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে লোহাগাড়ার আমিরাবাদ স্টেশন হতে বাড়িতে আসার পথে চকরিয়ার উত্তর হারবাং এলাকা থেকে পারভেজ নামের ছেলেটিকে অপহরণ করে নিয়ে যায় ৬-৭ জন দুর্বৃত্ত। পরে একটি নম্বর থেকে ভিকটিমের পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে মোবাইল নম্বরের সূত্র ধরে রামুর দুর্গম পাহাড়ি এলাকা ঈদগড়ে ১৬ ঘণ্টার অভিযান তাকে উদ্ধার করা হয়।

পারভেজের বাবা মঞ্জুর আলম জানান, তার ছেলে পারভেজ লোহাগাড়া উপজেলার আমিরাবাদ একটি দোকানে চাকরি করত। দোকান থেকে বাড়ি ফেরার পথে তাকে দুষ্কৃতিকারীরা অপহরণ করে নিয়ে যায়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, একটি সঙ্গবদ্ধ চক্র পারভেজকে অপহরণ করে নিয়ে যায়। টানা ১৬ ঘণ্টা অভিযান চালিয়ে রাত ১০টার দিকে ডুলাহাজারা ইউনিয়নের গহীন পাহাড়ি এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। অপহরণের সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তার করতে অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ।