জামিন নিয়েও আটক চকরিয়া পৌরসভার সাবেক মেয়র আলমগীর

আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ০৮:৩২ এএম

কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা আলমগীর চৌধুরীকে আটক করেছে পুলিশ। রবিবার (৩০ আগস্ট) রাত সোয়া ৯টার দিকে চকরিয়া পৌর সদরের সায়মা প্লাজা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর আলমগীর চৌধুরীর বিরুদ্ধে চট্টগ্রামের রাউজানে হত্যা, চকরিয়ায় টমটম ও গাড়ি পোড়ানো এবং বিশেষ ক্ষমতা আইনে একাধিক মামলা হয়। এসব মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন বলে জানিয়েছেন তার ভাই বিটু।

বিটু বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর বিভিন্ন মামলায় আমার ভাইকে আসামি করা হয়। এসব মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন।

এদিকে চকরিয়া পৌরসভার নিজপানখালী এলাকার এক বাসিন্দার দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায়ও আলমগীর চৌধুরী আসামি রয়েছেন। পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ওই মামলার বাদী আদালতে আপসনামা দিয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, আটকের সময় আলমগীর চৌধুরী সায়মা প্লাজায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে বসে আলাপ করছিলেন। পরে রাত সোয়া ৯টার দিকে চকরিয়া থানার একদল পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে।

আলমগীর চৌধুরীর শ্যালক ও ব্যবসায়ী মোহাম্মদ সোহেল বলেন, শনিবার রাতে তার ঢাকায় যাওয়ার কথা ছিল। গাড়িতে ওঠার আগে সায়মা প্লাজায় বসে বিশ্রাম নিচ্ছিলেন। রাত সোয়া ৯টার দিকে হঠাৎ পুলিশ এসে তাকে নিয়ে যায়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, উচ্চ আদালত থেকে জামিন পেলেও নিম্ন আদালতে উপস্থিত হয়ে প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করে প্রেস জামিন নেওয়ার বিষয়টি আলমগীর চৌধুরী নিশ্চিত করতে পারেননি। এ ছাড়া নিজপানখালী এলাকার এক বাসিন্দার করা বিশেষ ক্ষমতা আইনের মামলায়ও তিনি আসামি রয়েছেন। তাকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে, তা যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত