ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের জনপ্রিয় আসর ‘দ্য হান্ড্রেড’ - প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ইতিহাস গড়লেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। বৃহস্পতিবার অনুষ্ঠিত ২০২৬ মৌসুমের নিলামে তাকে দলে ভিড়িয়েছে বার্মিংহাম ফিনিক্স।
মোস্তাফিজুর রহমানকে তার ভিত্তিমূল্য ১ লাখ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৬৪ লাখ টাকার বেশি) দিয়ে দলে নিয়েছে বার্মিংহাম। নিলামের তৃতীয় ও শেষ ধাপে দলগুলো যখন খেলোয়াড় মনোনয়ন দিচ্ছিল, তখন তাকে দলে ভেড়াতে আগ্রহ দেখায় ফিনিক্স।
উল্লেখ্য যে, ড্রাফটে নাম লেখানো ২১ জন বাংলাদেশি ক্রিকেটারের মধ্যে চূড়ান্ত নিলাম তালিকায় জায়গা পেয়েছিলেন মাত্র দুজন—মোস্তাফিজ এবং রিশাদ হোসেন। মোস্তাফিজ ছিলেন সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে।
রিশাদের ভাগ্য সুপ্রসন্ন হয়নি
বাংলাদেশের তরুণ লেগ-স্পিনার রিশাদ হোসেন টায়ার-১ স্পিনারদের তালিকায় থাকলেও দুর্ভাগ্যবশত অবিক্রীত রয়ে গেছেন। তার ভিত্তিমূল্য ছিল ৭৫ হাজার পাউন্ড। রিশাদের ক্যাটাগরিতে থাকা পাকিস্তানের উসমান তারিককে ১ লাখ ৪০ হাজার পাউন্ডে দলে নিয়েছে একই দল বার্মিংহাম ফিনিক্স।
আট দলের এই রোমাঞ্চকর টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে আগামী ২১ জুলাই থেকে। আসরের জমজমাট ফাইনাল অনুষ্ঠিত হবে ১৬ আগস্ট।
বার্মিংহাম ফোনিক্স স্কোয়াড
জ্যাকব বেথেল (৩ লাখ ৪০ হাজার পাউন্ড), রেহান আহমেদ (২ লাখ ৫০ হাজার পাউন্ড), ডনোভান ফেরেইরা (২ লাখ ১০ হাজার পাউন্ড), মিচেল ওয়েন (১ লাখ ৩০ হাজার পাউন্ড), সাকিব মাহমুদ (১ লাখ ৫০ হাজার পাউন্ড), উসমান তারিক (১ লাখ ৪০ হাজার পাউন্ড স্টার্লিং), জো ক্লার্ক (৮৫ হাজার পাউন্ড), উইল স্মিড (৫৫ হাজার পাউন্ড), জর্ডান থম্পসন (৬০ হাজার পাউন্ড), স্কট কুরি (২ লাখ ১০ হাজার পাউন্ড), লরি ইভান্স (৮৫ হাজার পাউন্ড), ক্রিস উড (৭০ হাজার পাউন্ড), ইথান ব্রুকস (৭০ হাজার পাউন্ড) ও মোস্তাফিজুর রহমান (১ লাখ পাউন্ড)