টু ক রো  খ ব র

ছকের বাইরে মিশা সওদাগর

চল্লিশ বছরের ক্যারিয়ারে বেশিরভাগ সিনেমাতেই ভিলেন হিসেবে অভিনয় করলেও এবার ঈদে একটু রঙ পাল্টিয়ে ভিন্নভাবে হাজির হচ্ছেন মিশা সওদাগর। এবার মাত্র একটি সিনেমায় দেখা যাবে বাংলাদেশ শিল্পী সমিতির বর্তমান এই সভাপতিকে। নির্মাতা রায়হান রাফী পরিচালিত ‘প্রেশার কুকার’ ছাড়া এখন পর্যন্ত মুক্তির তালিকায় মিশার নতুন কোনো সিনেমা নেই। মুক্তির তালিকা ছোট হওয়া প্রসঙ্গে মিশা সওদাগর বলেন, ‘একসময় দিনে চার-পাঁচটা সিনেমার কাজ করেছি। সকাল ৭টা থেকে রাত ২টা পর্যন্ত শুটিং চলত। এখন সেই এফডিসি প্রায় বন্ধ। কাজ কমে গেলে মুক্তির তালিকা ছোট হয়ে যাবে এটাই তো স্বাভাবিক।’ তবে একটি সিনেমা মুক্তি পেলেও এতে ভিন্নধর্মী চরিত্রে দেখা মিলবে বলে জানিয়েছেন মিশা সওদাগর। তিনি জানান, ‘একটা সিনেমা হলেও, সিনেমাটির টিজার প্রকাশের পর বেশ সাড়া ফেলেছে বিনোদনপ্রেমী থেকে শুরু করে নেট দুনিয়ায়। টিজারের চরিত্রগুলোর উপস্থিতি ভয়ংকর কিছুর আভাস দিয়েছে। এতে আগের থেকে অনেকটাই আলাদা মিশাকে দেখতে পাবেন দর্শক বলে জানিয়েছেন জাঁদরেল এই অভিনেতা।

গ্ল্যামারহীন চরিত্রে কেয়া পায়েল

আনার ও কলি দুজনই নিম্নবিত্ত শ্রেণির মানুষ। কলি ঢাকা শহরের অলি-গলিতে ভ্যানে করে কাচের জিনিসপত্র বিক্রি করে। কিন্তু একদিন দেখা দেয় বিপত্তি। আনার নামে একজন সেই একই গলিতে ভ্যানে করে প্লাস্টিকের জিনিসপত্র বিক্রি করতে আসে। শুরু হয় ভ্যানে করে দুই প্লাস্টিক বিক্রেতা আনার ও কলির মধ্যে বিরোধ দিয়ে। এখানে আনার চরিত্রে মুশফিক আর ফারহান এবং কলি চরিত্রে অভিনয় করেছেন কেয়া পায়েল। দুজনকে নিয়ে অদ্ভুত এই গল্পের নাটক ‘আনার কলি’ নির্মাণ করেছেন প্রশংসিত নির্মাতা মহিদুল মহিম। নাটকটির গল্প প্রসঙ্গে নির্মাতার ভাষ্য এমন, ‘এটি শহরের একেবারে নিম্নবিত্ত দুজন মানুষের জীবনযুদ্ধের গল্প। যদিও গল্পটা শুরু হয় দুজন হকারের মধ্যকার মুখের যুদ্ধ দিয়ে! এই শহরের এই শ্রেণির মানুষগুলোর জীবনযুদ্ধের খানিকটা তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি গল্পটি আমাদের সবার মন ছুঁয়ে যাবে।’ আসছে ঈদের জমজমাট আয়োজনের অন্যতম চমক হিসেবে মুক্তি পাচ্ছে ‘আনার কলি’। এটি ঈদ উৎসবে সিএমভির ইউটিউব চ্যানেলে দেখা যাবে।

দীপিকাই হচ্ছেন আল্লুর নায়িকা

ভারতের খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা অ্যাটলি তার নতুন মেগা প্রজেক্টে একত্র করেছেন দুই ইন্ডাস্ট্রির দুই স্টাইলিশ সুপারস্টার আল্লু অর্জুন এবং দীপিকা পাড়ুকোনকে। এই ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা-উত্তেজনা। প্রথমবারের মতো পর্দায় একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন দক্ষিণের ‘স্টাইল আইকন’ ও বলিউডের গ্ল্যামার কুইন যা ঘিরে সিনেপ্রেমীদের প্রত্যাশা এখন আকাশছোঁয়া। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, আবেগ, অ্যাকশন ও দর্শনের মিশ্রণে বৃহৎ পরিসরে বিনোদনমূলক সিনেমা তৈরির জন্য অ্যাটলি কুমারের জুড়ি মেলা ভার। তার আসন্ন সিনেমার নাম এখনো চূড়ান্ত হয়নি। সিনেমা ভুবনের দুই ক্যারিশম্যাটিক তারকা আল্লু ও দীপিকার সঙ্গে অ্যাটলির যুক্ত হওয়া মানে, সেটি ধুমধাড়াক্কা সিনেমাটিক ইভেন্টগুলোর মধ্যে একটি হবে। অ্যাটলির ও আল্লু-দীপিকা জুটিতে সত্যিকার অর্থেই পরিপূর্ণ একটি প্যান-ইন্ডিয়ান সিনেমা হতে যাচ্ছে। পুষ্পাখ্যাত আল্লু অর্জুনের জনপ্রিয়তা তেলুগু ইন্ডাস্ট্রি ছাড়িয়ে বিশ্বব্যাপী। অন্যদিকে দীপিকা পাড়–কোনেও বিশ্বব্যাপী হিন্দি সিনেমার সবচেয়ে স্বীকৃত মুখগুলোর একটি। নতুন এই সিনেমা নিয়ে চারপাশে বেশ আলোচনা চলছে।

চেনা ছন্দে মাইলি

২০ বছর আগে ২০০৬ সালে ডিজনি চ্যানেলে শুরু হয়েছিল জনপ্রিয় কিশোরী সিরিজ ‘হানা মন্টানা’। সেই সোনালি দিনগুলোকে স্মরণ করতে এবং ভক্তদের ধন্যবাদ জানাতে একটি বিশেষ বার্ষিকী অনুষ্ঠানের মাধ্যমে আবারও পর্দায় ফিরছেন পপ তারকা মাইলি সাইরাস। সম্প্রতি প্রকাশ পেয়েছে এই অনুষ্ঠানের প্রথম ট্রেলার। সেখানে মাইলিকে পুরনো দিনের সেই সেটে ঘুরে বেড়াতে দেখা যায়। স্টুয়ার্ট পরিবারের বসার ঘর থেকে শুরু করে হানা মন্টানার সেই বিখ্যাত আলমারি সবকিছুই নতুন করে তৈরি করা হয়েছে এই অনুষ্ঠানের জন্য। ট্রেলারে মাইলিকে আবেগপ্রবণ হয়ে বলতে শোনা যায়, এটি আমার কাছে নিজের বাড়ির মতো মনে হচ্ছে। এই বিশেষ অনুষ্ঠানে মাইলি সাইরাসের পাশাপাশি তার মা টিশ সাইরাস ও বাবা বিলি রে সাইরাসকেও দেখা যাবে। এ ছাড়া থাকবে সিরিজের পুরনো এবং অদেখা কিছু ভিডিও ফুটেজ। অনুষ্ঠানটি সম্পর্কে মাইলি বলেন, হানা মন্টানা সব সময় আমার জীবনের একটি অংশ হয়ে থাকবে। লাইভ স্টুডিওতে দর্শকদের উপস্থিতিতে চিত্রায়িত এই বিশেষ সাক্ষাৎকারটি নিয়েছেন ‘কল হার ড্যাডি’র উপস্থাপক অ্যালেক্স কুপার।