গানে ব্যস্ত মিমি

মিমি আলাউদ্দিন, দীর্ঘদিন ধরেই গান করছেন। স্বামী দেশের প্রখ্যাত সুরকার, সংগীত পরিচালক আলাউদ্দিন আলীর মৃত্যুর পর গান নিয়ে গানের ভুবনে টিকে থাকে নীরবে নিভৃতে, বলা যায় এক ধরনের যুদ্ধই করে যাচ্ছেন। নিজের একমাত্র মেয়েকে নিয়ে জীবনযাপন আর গান নিয়ে বেঁচে থাকাটাই যেন তার জীবনের আরাধনা। আলাউদ্দিন আলীর সুরে তার বেশকিছু মৌলিক গান রয়েছে। তবে যে গানটি শ্রোতা-দর্শকের হৃদয়ে দাগ কেটে আছে সে গানটি হলো ‘কোনাকিছু শেষ হয়ে যায় না’ এ হৃদয় স্মৃতিময় আয়না’। মিমি যখন যেখানে স্টেজ শোতে বা টিভি শোতে গিয়েছেন, এই গানটির জন্য বিশেষ অনুরোধ থাকেই শ্রোতা-দর্শকের। গানটি লিখেছেন ও সুর করেছেন আলাউদ্দিন আলী। বিগত পাঁচ মাসেরও বেশি সময় মিমি আলাউদ্দিন যুক্তরাষ্ট্রে ছিলেন। সেখানে তিনি ৯টি স্টেটে ১৫টি শোতে সংগীত পরিবেশন করেছেন। যুক্তরাষ্ট্রে থাকাবস্থাতেই বাংলাদেশের বেশ কয়েকজন সুরকার, সংগীত পরিচালকের সঙ্গে মিমির কথা হয়। কিছুদিন হলো তিনি দেশে ফিরেছেন।

মিমি জানান, আগামী কিছুদিনের মধ্যেই তিনি ফোয়াদ নাসের বাবু, নকীব খান, আকাশ সেনের সুরে গান গাইবেন। আপাতত এই গানগুলোতে ভয়েজ দেওয়ার আগে গানগুলো নিয়ে চর্চা করছেন নিয়মিত। এ ছাড়া তিনি দেশে ফিরে বিভিন্ন টিভি শোতেও অংশ নিয়েছেন। ঈদ-পরবর্তী স্টেজ শো নিয়েও পরিকল্পনা রয়েছে তার। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রে টানা পাঁচ মাসে ১৫টিরও বেশি স্টেজ শোতে সংগীত পরিবেশন করেছি। নিজের গানসহ শ্রদ্ধেয় রুনা লায়লা আপা, সাবিনা ইয়াসমিন আপা, মিতালী মুখার্জী দিদিরও গান গেয়েছি। তাদের গানেরই অনুরোধ আসে বেশি। আমার নিজেরও ভীষণ ভালোলাগে এবং স্বাচ্ছন্দ্যবোধ করি তাদের গান গাইতে। দেশে ফেরার পর টুকটাক কাজ করেছি। তবে শ্রদ্ধেয় বাবু ভাই, নকীব খান ভাই ও আকাশ সেনের সুরে শিগগিরই গান গাইব।’

মিমি প্রথম শাকিব-অপু অভিনীত ‘যদি বউ সাজোগো’ সিনেমাতে প্লে-ব্যাক করেন। এরপর আরও ১৫টি সিনেমাতে তিনি প্লে-ব্যাক করেন। এরই মধ্যে মিমি গত ১০ মার্চ চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের সঙ্গে দেখা করেছেন। ফরিদুর রেজা সাগর মিমিকে কথা দিয়েছেন কোনো বিশেষ দিনকে উপলক্ষ করে তিনি আলাউদ্দিন আলীকে নিয়ে চ্যানেল আইতে প্রচারের জন্য একটি বিশেষ অনুষ্ঠানেরও আয়োজন করবেন।