কোয়াবের ইফতারে তথ্যমন্ত্রী

ব্যবসায়িক সুরক্ষা দেওয়া সরকারের কাজ

যেকোনো ধরনের ব্যবসায়িক উদ্যোগকে সুরক্ষা দেওয়া বর্তমান সরকারের কাজ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। গতকাল বৃহস্পতিবার রাজধানীর ইস্কাটনে ঢাকা লেডিস ক্লাবে কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

কেবল অপারেটরদের বিভিন্ন সমস্যা তুলে ধরে মন্ত্রী বলেন, আমরা এখন ইন্টারনেট-ভিত্তিক সমাজের মধ্যে ঢুকে পড়েছি। আইপি টিভি, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম সারা পৃথিবীতে কেব ল টিভি ব্যবসাকে চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকার যদি একটি কাঠামো দাঁড় করাতে পারে, তবে ব্যবসায়ী হিসেবে আপনাদের সুরক্ষা দেওয়া সম্ভব হবে।

এ ক্ষেত্রে বিশেষজ্ঞদের মাধ্যমে কেবল টিভি ব্যবসার প্রযুক্তিগত বিষয়গুলো উপস্থাপনের জন্য কোয়াব নেতাদের প্রতি অনুরোধ জানান তথ্যমন্ত্রী।

জহির উদ্দিন স্বপন বলেন, তথ্যমন্ত্রী হিসেবে আমার দায়িত্ব হবে এ ধরনের শিল্প খাতের সংশ্লিষ্ট পক্ষগুলোর সমস্যা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বুঝতে চেষ্টা করা এবং সে অনুযায়ী সমাধানের চেষ্টা করা।

তথ্যমন্ত্রী কেবল অপারেটরদের বিভিন্ন সমস্যার সমাধানে ভবিষ্যতেও কোয়াবের সঙ্গে মতবিনিময় করবেন বলে জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, কোয়াবের সভাপতি এ বি এম সাইফুল হোসেন সোহেল, সাধারণ সম্পাদ সৈয়দ মোশারফ আলী চঞ্চল প্রমুখ।