ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার বলেছেন, আসন্ন ঈদযাত্রা নির্বিঘœ করতে হবে। ঈদে বেশিরভাগ মানুষ ঢাকা ছেড়ে চলে যাবে। এ সময়ে যেকোনো অপরাধ, ছিনতাই, অজ্ঞান/মলম পার্টি বা অন্যান্য অপতৎপরতা সংঘটিত হতে পারে। এ জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি আরও বলেন, এবার ঈদে অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন করা হবে, যাতে যাত্রীদের নিরাপদ ও সুশৃঙ্খল যাত্রা নিশ্চিত হয়। গতকাল ডিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে ডিএমপি কমিশনার এ সব কথা বলেন।
সভায় ফেব্রুয়ারি মাসে ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানসহ উত্তম কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত করেন তিনি। এ সময় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার বলেন, শতভাগ সততা বজায় রেখে পুলিশ সদস্যদের তার নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে, যাতে পুলিশের ভাবমূর্তি ও কর্মদক্ষতা বৃদ্ধি পায়। অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম আইনশৃঙ্খলার দৃশ্যমান উন্নতি ঘটানোর প্রতি গুরুত্ব আরোপ করে বলেন, ঈদ যাত্রাকালীন গাবতলী, মহাখালী, সায়েদাবাদ, কমলাপুর এবং সদরঘাট- এই প্রধান বাস ও লঞ্চ টার্মিনালগুলোতে ডিএমপির বিশেষ নজরদারি ও তদারকি করতে হবে।
তিনি বলেন, ঈদের ছুটিকালীন ঢাকা শহরে বিট অনুযায়ী প্যাট্রোল ডিউটি বাড়াতে হবে, যাতে শহরের প্রতিটি এলাকায় পুলিশের উপস্থিতি ও টহল বৃদ্ধি পায়। ঈদের বাজার ও শপিংমলগুলোয় স্থাপিত সিসি ক্যামেরা সঠিকভাবে কাজ করছে কি না তা নিয়মিত পর্যবেক্ষণ ও নিশ্চিত করতে হবে। সার্বিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতিতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।