হবিগঞ্জে পৃথক অভিযানে ৬৬ লক্ষ টাকার শাড়ী, জিরা জব্দ

সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী, জিরা ও গরু জব্দ করেছে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)। গত ২৪ ঘণ্টায় পৃথক তিনটি অভিযানে প্রায় ৬৬ লক্ষ টাকা মূল্যের এসব পণ্য জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাত ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেন হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান। 

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবির একটি চৌকস আভিযানিক দল হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্ত্বর এলাকায় কৌশলগত অবস্থান নেয়। বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে একটি সন্দেহভাজন ট্রাককে সংকেত দিয়ে থামানো হয়। পরে ট্রাকটি তল্লাশি করে দেখা যায়, বালুর নিচে বস্তার ভেতরে অত্যন্ত সুকৌশলে বিপুল পরিমাণ ভারতীয় জিরা লুকানো রয়েছে। পাচারের উদ্দেশ্যে আনা এসব জিরা তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ২৭ লক্ষ টাকা।

এদিকে একই দিন দুপুর ১২টার দিকে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার কাকমারাছড়া বিওপির টহলদল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে জাম্বুরাছড়া এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী জব্দ করে। জব্দকৃত শাড়ীর আনুমানিক সিজার মূল্য ৩১ লক্ষ টাকা।

অন্যদিকে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার গুইবিল ও চিমটিবিল বিওপির নিয়মিত টহলদল সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০টি ভারতীয় গরু জব্দ করে। যার আনুমানিক সিজার মূল্য ৮ লক্ষ টাকা।

বিজিবি জানায়, জব্দকৃত এসব মালামালের মোট সিজার মূল্য প্রায় ৬৬ লক্ষ টাকা। অবৈধভাবে আনা পণ্যসমূহ সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে ৫৫ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানায়, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। দেশের অর্থনীতি সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি সীমান্তে চোরাচালান প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতা ও সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়েছে।