নোয়াখালীর হাতিয়ায় চারটি গোডাউনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ করা এসব জালের আনুমানিক বাজারমূল্য ৬ কোটি ৭৫ লাখ ৯০ হাজার টাকা।
শনিবার (২৯ আগস্ট) বিকেল ৪টা থেকে রাত ১২টা পর্যন্ত হাতিয়া থানার চেয়ারম্যান ঘাট বাজার ও এর আশপাশের এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। কোস্ট গার্ড স্টেশন রামগতি, লক্ষ্মীপুর ও হাতিয়ার সদস্যরা যৌথভাবে অভিযানটি পরিচালনা করেন।
কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সালমান বিন শওকত জানান, গোপন সংবাদের ভিত্তিতে চেয়ারম্যান ঘাট বাজারসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের সময় চারটি গোডাউনে তল্লাশি চালিয়ে ৩০৬ পিস চায়না দুয়ারী ও ১৮ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
তিনি জানান, জব্দ করা জালগুলো পরে হাতিয়া উপজেলা মৎস্য প্রতিনিধির উপস্থিতিতে বিনষ্ট করা হয়েছে।
কোস্ট গার্ড জানায়, নিষিদ্ধ এসব জালের ব্যবহারে মাছের পোনা ও বিভিন্ন জলজ প্রাণী ধরা পড়ায় মৎস্যসম্পদের প্রজনন ও স্বাভাবিক বৃদ্ধি বাধাগ্রস্ত হয়। মৎস্যসম্পদ রক্ষা এবং নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।