সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের চ্যাম্পিয়ন হওয়ার পেছনে দক্ষিণ আফ্রিকার ‘কৌশলগত ভুল’ দেখছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। তার মতে, সুপার এইট পর্বে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দক্ষিণ আফ্রিকা আসলে ভারতের শিরোপা জয়ের পথটি মসৃণ করে দিয়েছিল।
সম্প্রতি একটি পডকাস্টে ভন বলেন, এবারের আসরের ‘সবচেয়ে বোকা দল’ ছিল দক্ষিণ আফ্রিকা। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত সুপার এইটের সেই ম্যাচে যদি দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে যেত, তবে ভারত টুর্নামেন্ট থেকেই ছিটকে যেতে পারত। ভনের ভাষ্যমতে, ‘আমি বলছি, এই টুর্নামেন্টের সবচেয়ে বোকা দল কোনটি? দক্ষিণ আফ্রিকা। তারা উইন্ডিজের বিপক্ষে জেতায় ভারতের সেই অপ্রতিরোধ্য যাত্রা আর থামানো যায়নি। তারা শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েই মাঠ ছেড়েছে।’
উল্লেখ্য, সুপার এইটে দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর জিম্বাবুয়ের বিপক্ষে বড় ব্যবধানে জিতে টুর্নামেন্টে টিকে থাকে ভারত। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক অলিখিত কোয়ার্টার ফাইনালে সাঞ্জু স্যামসনের অপরাজিত ৯৭ রানের মহাকাব্যিক ইনিংসে ভর করে সেমিফাইনাল নিশ্চিত করে টিম ইন্ডিয়া। পরবর্তীতে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠে এবং শিরোপা নিজেদের করে নেয়।
ভন মনে করেন, টুর্নামেন্ট জিততে হলে সেরা দলকে আগেভাগে বিদায় করে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ। তিনি বলেন, “আপনি যদি বিশ্বকাপ জিততে চান, তবে সবচেয়ে শক্তিশালী দলটিকে শুরুতেই টুর্নামেন্ট থেকে সরিয়ে দেওয়ার সুযোগ হাতছাড়া করা উচিত নয়।”
মজার ব্যাপার হলো, ভারতকে বিশ্বকাপ জেতার সুযোগ করে দিলেও দক্ষিণ আফ্রিকা ফাইনালে পৌঁছাতে ব্যর্থ হয়। কলকাতায় অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে তারা নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছিল। কিন্তু মিচেল স্যান্টনারের নেতৃত্বাধীন কিউইদের কাছে পাত্তাই পায়নি প্রোটিয়ারা। ফিন অ্যালেনের মাত্র ৩৩ বলের বিধ্বংসী সেঞ্চুরিতে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হেরে দক্ষিণ আফ্রিকা বিদায় নেয়।
মাইকেল ভনের এই মন্তব্য ক্রিকেট বিশ্বে নতুন করে ‘গেম স্পিরিট’ বনাম ‘ট্যাকটিক্যাল গেম’ নিয়ে বিতর্কের সৃষ্টি করেছে। সামাজিক মাধ্যমে অনেকেই বলছেন, দক্ষিণ আফ্রিকা পেশাদারিত্বের পরিচয় দিয়ে ম্যাচ জিতেছে, অন্যদিকে ভন ক্রিকেটীয় সততার চেয়ে কৌশলকেই বড় করে দেখছেন।