২০২৬ ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে ইরান। এক আনুষ্ঠানিক বিবৃতিতে ইরান জাতীয় ফুটবল দলের পক্ষ থেকে বলা হয়েছে, বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ কোনো ব্যক্তি বা নির্দিষ্ট দেশের মর্জির ওপর নির্ভর করে না। ফিফার নিয়ম অনুযায়ী তারা যোগ্যতা অর্জন করেই মাঠে নামবে।
ইরান ফুটবল দলের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করা বিবৃতিতে বলা হয়, ‘বিশ্বকাপ একটি ঐতিহাসিক আন্তর্জাতিক আয়োজন এবং এর নিয়ন্ত্রক সংস্থা হলো ফিফা; কোনো নির্দিষ্ট ব্যক্তি বা দেশ নয়। ইরানের সাহসী সন্তানরা মাঠের লড়াইয়ে জয়ী হয়ে প্রথম সারির দল হিসেবে এই আসরে খেলার যোগ্যতা অর্জন করেছে। নিশ্চিতভাবে কেউ আমাদের বাদ দিতে পারবে না।’
এর আগে গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় বলেন, ‘ইরান জাতীয় ফুটবল দল বিশ্বকাপে অংশ নিতে অবশ্যই স্বাগত। কিন্তু বর্তমান পরিস্থিতি বিবেচনায় আমি মনে করি না যে সেখানে তাদের উপস্থিতি তাদের নিজেদের জীবন ও নিরাপত্তার জন্য উপযুক্ত হবে।’
এর জবাবে ইরান পাল্টা আক্রমণ করে যুক্তরাষ্ট্রের আতিথেয়তা ও সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে। বিবৃতিতে বলা হয়েছে, যদি কাউকে বিশ্বকাপ থেকে বাদ দিতে হয়, তবে সেই আয়োজক দেশকে দেওয়া উচিত যারা অতিথি দলগুলোর নিরাপত্তা নিশ্চিত করার ক্ষমতা রাখে না। এই বাদানুবাদের মধ্যেই ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি হরমুজ প্রণালী বন্ধের হুমকিসহ ওই অঞ্চলে মার্কিন ঘাঁটিতে আরও হামলার ইঙ্গিত দিয়েছেন।
গত সপ্তাহে আটলান্টায় আয়োজিত বিশ্বকাপ পরিকল্পনা সভায় ইরানের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। অন্যদিকে, ফিফা প্রেসিডেন্ট জান্নি ইনফান্তিনো হোয়াইট হাউসে ট্রাম্পের সাথে বৈঠক করলেও পরিস্থিতির কোনো সুরাহা হয়নি। ইরান যদি শেষ মুহূর্তে সরে দাঁড়ায়, তবে তাদের বদলে কোন দেশ খেলবে—তা নিয়ে ফিফা এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি। তাই মাঠের লড়াই শুরু হওয়ার আগেই বিশ্বকাপ যেন রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে।