পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঘরমুখো যাত্রীদের নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছানোর লক্ষ্যে যানজট নিরসন এবং চান্দনা চৌরাস্তা এলাকায় ফুটপাত থেকে অবৈধ হাকার, দোকানপাট সরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। শুক্রবার থেকে ঈদের আগের দিন রাত পর্যন্ত মোল্লা ফাউন্ডেশনের শতাধিক স্বেচ্ছাসেবী এ দায়িত্ব পালন করবেন। শুক্রবার (১৩মার্চ) বিকালে চান্দনা চৌরাস্তা এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন মহানগর বিএনপির সভাপতি ও গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার।
কর্মসূচি উদ্বোধনকালে শওকত হোসেন সরকার বলেন, বিএনপির নিজস্ব ব্যবস্থাপনায় মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে এসব স্বেচ্ছাসেবী নিয়োগ করা হয়েছে। যানজট নিরসন এবং যাত্রীদের নির্বিঘ্নে চলাচলের জন্য এ ব্যবস্থা করা হয়েছে। চান্দনা চৌরাস্তা এলাকায় কোনো ধরণের চাঁদাবাজি হবে না, সড়ক দখল করে হকার থাকবে না। উল্টোপথে অটোরিকশাসহ কোনো ধরণের যানবাহন চলাচল করতে দেওয়া হবে না। নিয়ম মেনে সকলকে চলতে হবে। নাগরিক সুবিধা সবার আগে নিশ্চিত করতে হবে। কোনো অবস্থাতেই চান্দনা চৌরাস্তা এলাকায় যানজট হতে দেওয়া হবে না। এছাড়া গণ পরিবহনে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া যেন না নেওয়া হয় সেদিকে লক্ষ্য রাখা হবে।
মোল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হালিম মোল্লা বলেন, পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে লাখ লাখ মানুষ গাজীপুর ছেড়ে গ্রামের বাড়িতে যায়। ফলে চান্দনা চৌরাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এবার চান্দনা চৌরাস্তায় অবৈধ হকার, দোকানপাট উচ্ছেদসহ সড়কে যানবাহনের শৃংখলা বজায় রাখতে স্বেচ্ছাসেবকরা কাজ করবে। কেউ কোথাও যেন চাঁদাবাজি করতে না পারে সে দিকে নজর রাখা হবে।