চীনা ব্যবসায়ীর ১ কোটি টাকা চুরি: চালকসহ গ্রেপ্তার ৩

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২ গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, গত ১ সেপ্টেম্বর এক চীনা ব্যবসায়ীর ব্যক্তিগত গাড়ি চালক তার এক কোটি টাকা নিয়ে পালিয়ে যায়।

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ পিএম

গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় একটি কারখানার মালিক চীনা ব্যবসায়ীর গাড়ি থেকে ১ কোটি টাকা চুরির চুরির ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্ত গাড়িচালকসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ। পরে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৯৭ লাখ ৩ হাজার টাকা।

গ্রেপ্তারকৃতরা হলেন, গাড়িচালক জাহিদ হাসান (৩০)। তিনি ঝিনাইদহের হরিণাকুণ্ডু থানার কুলবাড়িয়া এলাকার বাসিন্দা দবির উদ্দিনের ছেলে। তার স্ত্রী নাছিমা আক্তার (২৪) ও তার মামা একই জেলার কাঞ্চনগর এলাকার দাউদ হোসেনের ছেলে আক্তারুজ্জামান (৫১)।

পুলিশ মামলা সূত্রে জানা যায়, গত ১ সেপ্টেম্বর আনুমানিক সকাল ৭টার দিকে ল্যাভেন্ডার ফ্যাশনের চেয়ারম্যান (চীনা নাগরিক) রাজেন্দ্রপুর কারখানা থেকে ফিরছিলেন। পথে নারায়ণগঞ্জের পূর্বাচল ক্যাডেট ক্লাবের সামনে তিনি ব্যক্তিগত কাজে গাড়ি থেকে নামলে, তার ব্যক্তিগত গাড়িচালক মো. জাহিদ হাসান গাড়িতে থাকা শ্রমিকদের বেতনের ১ কোটি টাকা নিয়ে চম্পট দেয়। পরবর্তীতে অভিযুক্ত চালক তার মালিককে একটি অনুশোচনামূলক খুদে বার্তা (এসএমএস) পাঠিয়ে আত্মগোপনে চলে যায়। এই ঘটনায় রূপগঞ্জ থানায় একটি মামলা করা হয়।  

পরে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২ এর একটি দল তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযানে নামে। একপর্যায়ে ঝিনাইদহ সদরের একটি বাসা থেকে মূল অভিযুক্ত জাহিদ হাসানকে (ড্রাইভার) গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে নগদ ৮৬ লাখ টাকা উদ্ধার করা হয়। 

পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার সহযোগী মামা মো. আক্তারুজ্জামানকে ঝিনাইদহ থেকে গ্রেপ্তার করে আরও ১ লাখ ৩ হাজার টাকা এবং অভিযুক্তের স্ত্রী নাসিমা আক্তারের (২৪) বাসা থেকে আরও ১০ লাখ টাকা উদ্ধার করে পুলিশ । 

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, চুরি করা টাকার মধ্য থেকে জাহিদ হাসান একটি নতুন বাসা ভাড়া নেওয়া, নতুন আসবাবপত্র ক্রয় এবং ৩৩ হাজার টাকা দিয়ে একটি মোবাইল ফোন কেনার পিছনে মোট ১ লাখ ২০ হাজার টাকা খরচ করে ফেলেছিলেন। পুলিশ ওইসব আসবাবপত্র এবং নতুন মোবাইল ফোনটিও জব্দ করেছে। 

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২ গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, গত ১ সেপ্টেম্বর এক চীনা ব্যবসায়ীর ব্যক্তিগত গাড়ি চালক তার এক কোটি টাকা নিয়ে পালিয়ে যায়। এই ঘটনা ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ছায়া তদন্ত শুরু করে ঝিনাইদহ থেকে গাড়ি চালককে গ্রেপ্তার করে। তার কাছ থেকে নগদ ৯৭ লক্ষ টাকা মোবাইল ফোন ও আসবাবপত্র জব্দ করা হয়েছে। সহযোগী হিসেবে তার স্ত্রী ও মামাকেও গ্রেপ্তার দেখানো হয়েছে।

তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের উদ্ধারকৃত টাকা ও মালামালসহ রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত