নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক ব্যবসা ছেড়ে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গীকার নিয়ে শুক্রবার ৩ মাদক কারবারি রূপগঞ্জ থানায় এসে আত্মসমর্পণ করেছেন। পরে মুচলেখা দেওয়ার পর স্থানীয় যুবদল নেতাদের মাধ্যমে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ সময় তাদের এ উদ্যোগের জন্য সংসদ সদস্যের পক্ষ থেকে তাদের উপহার স্বরূপ একটি জায়নামাজ ও টুপি উপহার দেওয়া হয়।
রূপগঞ্জ থানার ওসি সবজেল হোসেন বলেন, রূপগঞ্জকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করে স্বপ্নের রূপগঞ্জ বাস্তবায়নে সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু ও জেলা পুলিশ সুপারের নির্দেশে রূপগঞ্জ থানা পুলিশ গত কয়েকদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেন্সিডিল, মাদক, অস্ত্রসহ বেশ কয়েকজন সন্ত্রাস ও মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর ধারাবাহিকতায় শুক্রবার মাদক ব্যবসা করবে না আর এমন অঙ্গীকার নিয়ে রূপগঞ্জ সদর ইউনিয়নে বাড়িয়াছনি এলাকার ৩ মাদক কারবারি মিন্নত আলী ব্যাপারী, জাঙ্গীর আলম ও কাঞ্চন সরকার স্থানীয় সদর ইউনিয়ন যুবদলের সহসভাপতি রাশেদুল আলম বাবুর মাধ্যমে রূপগঞ্জ থানায় এসে নিজেরা আত্মসমর্পণ করেন।
এ সময় তারা মাদক ব্যবসা পরিহার করে কর্ম জীবনে ফিরে আসায় সংসদ সদস্য দিপু ভূইয়ার পক্ষ থেকে ১টি করে জায়নামায ও ১টি করে টিপু উপহার দেওয়া হয়। যদি তারা আবার মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।