কুমিল্লার মুরাদনগরে মাদক সেবনের অভিযোগে দুই যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদেরকে অর্থদণ্ড দেওয়া হয়। উপজেলার কামাল্লা ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে তাদের আটক করে উপজেলা প্রশাসন ও মুরাদনগর থানার পুলিশের একটি দল।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন ওই ইউনিয়নের কামাল্লা গ্রামের নুর আলম (৩০) ও নোয়াগাঁও গ্রামের সাহাবুদ্দিন (২৪)।
পুলিশ জানায়, অভিযানের সময় মাদক সেবনরত অবস্থায় নুর আলম ও সাহাবুদ্দিনকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নুর আলমকে ১৫ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা এবং সাহাবুদ্দিনকে এক মাসের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়।
মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাকিব হাসান খান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসন জিরো টলারেন্স। আমাদের এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, দণ্ডপ্রাপ্তদেরকে শুক্রবার দুপুরে জেলহাজতে পাঠানো হবে।