মোস্তাফিজের বিকল্প খুজতে পিএসএলে হাত বাড়িয়েছে কেকেআর

আইপিএল ২০২৬ শুরু হতে আর দুই সপ্তাহেরও কম সময় বাকি। এর মধ্যেই কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) তাদের স্কোয়াডে মোস্তাফিজুর রহমানের বিকল্প হিসেবে জিম্বাবুয়ের দীর্ঘদেহী পেসার ব্লেসিং মুজারাবানিকে নেওয়ার কথা গুরুত্ব দিয়ে ভাবছে। গত জানুয়ারিতে বিসিসিআই-এর নির্দেশে বাংলাদেশী পেসার মোস্তাফিজকে দল থেকে ছেড়ে দিতে বাধ্য হয়েছিল কেকেআর কর্তৃপক্ষ।

আগামী ২৯ মার্চ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচ দিয়ে কেকেআর তাদের শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে। তবে আসর শুরুর আগে বেশ বিপাকে আছে দলটি। মোস্তাফিজ হারানোর পাশাপাশি দলের দুই মূল পেসার হর্ষিত রানা এবং মাথিশা পাথিরানা বর্তমানে ইনজুরিতে ভুগছেন। ফলে পেস আক্রমণে শক্তি বাড়াতে দ্রুত মুজারাবানির মতো কার্যকর কাউকে দলে ভেড়াতে চায় কলকাতা।

রেভস্পোর্টস জানিয়েছে, মোস্তাফিজের শূন্যস্থান পূরণে কেকেআর-এর পছন্দের তালিকায় সবার উপরে আছেন মুজারাবানি। এই জিম্বাবুইয়ান পেসার এর আগে গত বছর লুঙ্গি এনগিডির বিকল্প হিসেবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে (আরসিবি) ছিলেন এবং ২০২২ সালে লখনউ সুপার জায়ান্টসের নেট বোলার হিসেবে কাজ করেছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কেকেআর এবং দলের পাওয়ার কোচ আন্দ্রে রাসেলকে অনুসরণ করা শুরু করায় এই গুঞ্জন আরও জোরালো হয়েছে।

তবে মুজারাবানিকে দলে নেওয়া কেকেআর-এর জন্য খুব একটা সহজ হবে না। কারণ, তিনি ইতিমধ্যে পাকিস্তান সুপার লিগে খেলার জন্য ইসলামাবাদ ইউনাইটেডের সাথে ১.১০ কোটি রুপিতে চুক্তিবদ্ধ হয়েছেন। তবে আইপিএল খেলতে চাইলে তিনি পিএসএল থেকে নাম প্রত্যাহার করে নিতে পারেন। এর আগে করবিন বোশ গত বছর মুম্বাই ইন্ডিয়ান্সের ডাক পেয়ে পেশোয়ার জালমি ছেড়ে দিয়েছিলেন। সেক্ষেত্রে অবশ্য মুজারাবানিকে বড় অংকের জরিমানা এবং পিএসএল থেকে এক বছরের নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে। তবে আইপিএলের বিশাল মঞ্চের হাতছানি এড়াতে মুজারাবানি সেই ঝুঁকি নেবেন কি না, সেটাই এখন দেখার বিষয়।