জাবি অধ্যাপকের বক্তব্যে জাতীয় ছাত্রশক্তির নিন্দা

বিভিন্ন টকশোতে ও গণমাধ্যমে দেয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নৃবিজ্ঞান  বিভাগের অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধার বক্তব্যের সমালোচনা করে নিন্দা জানিয়েছে জাতীয় ছাত্রশক্তি জাবি শাখা। শুক্রবার (১৩মার্চ) জাতীয় ছাত্রশক্তির জাবি শাখার সাধারণ-সম্পাদক নাদিয়া রহমান অন্বেষার স্বাক্ষরিত এক  বিবৃতিতে এ নিন্দা জানায় সংগঠনটি।

জাতীয় ছাত্রশক্তি জাবি শাখার ওই বিবৃতিতে বলা হয়, বিভিন্ন টকশো ও গণমাধ্যমে সম্প্রতি অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধা কর্তৃক গণহত্যায় অংশগ্রহণকারী হিসেবে অভিযুক্ত বাংলাদেশ আওয়ামী লীগকে পুনরায় রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরিয়ে আনার পক্ষে দেয়া বক্তব্যে জাতীয় ছাত্রশক্তি জাবি শাখা গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র নিন্দা প্রকাশ করছে।

বিবৃতিতে আরও বলা হয় ,বাংলাদেশের ইতিহাসে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের মতো গুরুতর অভিযোগের সাথে সম্পৃক্ত একটি রাজনৈতিক শক্তিকে পুনর্বাসনের পক্ষে প্রকাশ্যে সাফাই গাওয়া কেবল ভুক্তভোগীদের প্রতি অবমাননাই নয়, বরং ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। এমন বক্তব্য সমাজে বিভ্রান্তি সৃষ্টি করে এবং অপরাধের বিচার ও জবাবদিহিতার দাবিকে দুর্বল করার অপচেষ্টা হিসেবে প্রতীয়মান হয়। যে কোনো গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ বা রাজনৈতিক সহিংসতার সঙ্গে জড়িত ব্যক্তি ও শক্তির বিরুদ্ধে আইনের যথাযথ প্রয়োগ এবং বিচার নিশ্চিত হওয়াই রাষ্ট্র ও সমাজের প্রধান দায়িত্ব। বাংলাদেশের ছাত্রসমাজ অন্যায়, অবিচার ও গণহত্যার রাজনীতির বিরুদ্ধে অতীতেও সোচ্চার ছিল এবং ভবিষ্যতেও থাকবে। সংগঠনটি রেজওয়ানা করিম চৌধুরীকে তার বক্তব্যের বিষয়ে পুনর্বিবেচনা করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পক্ষে বক্তব্যের জন্য স্পষ্ট ব্যাখ্যা দেয়া এবং জাতির কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করার আহ্বান জানিয়েছে।