মোস্তাফিজের জায়গায় খেলতে পিএসএল ছাড়লেন মুজারাবানি

পিএসএল নাকি আইপিএল? বর্তমান ক্রিকেটের এই দ্বন্দ্বে আবারও জয় হলো আইপিএলের। ইসলামাবাদ ইউনাইটেডের সাথে চুক্তি থাকা সত্ত্বেও আসন্ন পিএসএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন জিম্বাবুইয়ান ফাস্ট বোলার ব্লেসিং মুজারাবানি। কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলার প্রস্তাব পেয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি

ঘটনার সূত্রপাত গত ডিসেম্বরে, যখন বিসিসিআইয়ের নির্দেশে কলকাতা নাইট রাইডার্স তাদের রিটেনশন থেকে বাংলাদেশি বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে বাধ্য হয়। নিলামে ৯.২ কোটি রুপিতে দল পাওয়া মুস্তাফিজ এখন আইপিএলের পরিবর্তে পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে মাঠ মাতাবেন। অন্যদিকে, মুস্তাফিজের ছেড়ে যাওয়া শূন্যস্থান পূরণে জিম্বাবুয়েকে টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত সাফল্য এনে দেওয়া মুজারাবানিকে দলে ভিড়িয়েছে কেকেআর।

পিএসএলে নিষেধাজ্ঞার শঙ্কা

পিএসএল এবং আইপিএল একই সময়ে অনুষ্ঠিত হওয়ায় তৈরি হয়েছে এই জটিলতা। মুজারাবানি শুরুতে পিএসএল নিলামে অবিক্রিত থাকলেও পরে সরাসরি চুক্তিতে ইসলামাবাদ ইউনাইটেডে যোগ দিয়েছিলেন। এখন টুর্নামেন্ট শুরুর আগ মুহূর্তে দল ছাড়ায় তার ওপর নেমে আসতে পারে শাস্তির খড়্গ। গত বছর দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার করবিন বশ একইভাবে পিএসএল ছেড়ে মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দেওয়ায় তাকে এক মৌসুমের জন্য নিষিদ্ধ করেছিল পিএসএল কর্তৃপক্ষ। মুজারাবানির ক্ষেত্রেও পিসিবি একই পথে হাঁটবে কি না, তা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে।

বিশ্বকাপের পারফরম্যান্সই খুলেছে ভাগ্য

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের সুপার এইটে ওঠার নেপথ্যে বড় কারিগর ছিলেন মুজারাবানি। ৬ ম্যাচে ১৩ উইকেট নিয়ে টুর্নামেন্টের অন্যতম সফল বোলার ছিলেন তিনি। বিশেষ করে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে তার বিধ্বংসী বোলিং নজর কেড়েছিল আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর।