ইসরায়েলি হামলায় লেবাননে নিহত ৬৮৭

ইসরায়েলের বিমান বাহিনীর হামলায় গত ২ মার্চ থেকে ১২ মার্চ পর্যন্ত ১০ দিনে লেবাননে ৬৮৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৬২ জন নারী, ৯৮ জন শিশু এবং ১৮ জন স্বাস্থ্যকর্মীও আছেন। এছাড়া আহত হয়েছেন আরও ১ হাজার ৭৭৪ জন। আহতদের মধ্যে ৩২৮ জন নারী, ৩০৪ জন শিশু এবং ৪৫ জন স্বাস্থ্যকর্মী আছেন। গতকাল শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। গত ২৮ মার্চ ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরু হওয়ার পর দ্বিতীয় দিন ২ মার্চ ইরানের প্রতি সংহতি জানিয়ে উত্তর ইসরায়েলে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ)-এর বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে রকেট নিক্ষেপ করে লেবাননভিত্তিক সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহ। গোষ্ঠীটির এই হামলার পর থেকে লেবাননে বিমান অভিযান শুরু করে ইসরায়েল, যা এখনো চলছে।

এদিকে, ইসরায়েলের প্রচণ্ড সামরিক চাপ এবং অভ্যন্তরীণ নিরাপত্তার কথা বিবেচনা করে লেবানন সরকার হিজবুল্লাহর সামরিক শাখাকে নিষিদ্ধ ঘোষণা করার ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। তবে সরকারের এই কঠোর অবস্থান কার্যকর করতে গিয়ে এক নজিরবিহীন সংকটের মুখে পড়েছে দেশটি। লেবাননের রাজনৈতিক নেতৃত্ব হিজবুল্লাহর বিরুদ্ধে সরাসরি সংঘাতের কথা বললেও গৃহযুদ্ধের আশঙ্কায় সেনাবাহিনী এই মুহূর্তে সশস্ত্র গোষ্ঠীটির মুখোমুখি হতে রাজি নয়।