ইরানি হামলায় জ্বলছে ইসরায়েল

কুদ্স দিবস পালনের পরপরই ইসরায়েলে বড় ধরনের প্রতিশোধমূলক হামলা চালিয়েছে ইরান। শুক্রবার (১৩ মার্চ) দিবাগত রাতে ইরানের পক্ষ থেকে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এতে ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবসহ দেশটির বিভিন্ন স্থানে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে।

আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার রাতে ইরানের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রগুলো যখন ইসরায়েলের আকাশসীমায় প্রবেশ করে, তখন তেল আবিবের আকাশে আলোর রোশনাই দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, অসংখ্য ক্ষেপণাস্ত্রের এই বহর উল্কার মতো ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুর দিকে ধাবিত হয়। হামলার পরপরই শহরজুড়ে উচ্চশব্দে সতর্কতামূলক সাইরেন বাজতে শুরু করে এবং বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

ইসরায়েলি সামরিক বাহিনী হামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, মধ্য ইসরায়েলের একটি রাস্তার পাশে ক্ষেপণাস্ত্রের আঘাতে বড় ধরনের ধোঁয়া ও আগুনের কুণ্ডলি দেখা গেছে। জরুরি উদ্ধারকারী দলগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। জানা গেছে, একটি বড় গুদামঘরে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে, যার ফলে সেখানে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। তবে ওই গুদামটিতে কী রাখা ছিল বা এই হামলায় এখন পর্যন্ত কতজন হতাহত হয়েছেন, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য স্থানীয় কর্তৃপক্ষ এখনো প্রকাশ করেনি।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও এর মিত্রদের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ অভিযানের পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি চরম আকার ধারণ করে। সেই ঘটনার পর এটিই ইসরায়েলের অভ্যন্তরে ইরানের অন্যতম বড় সরাসরি আক্রমণ। শুক্রবার কুদ্স দিবস পালন শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এই হামলা শুরু হয়।

বিশ্লেষকরা মনে করছেন, এই হামলার ফলে মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা নতুন এক মোড় নিতে পারে। বর্তমান পরিস্থিতির ওপর নজর রাখছে আন্তর্জাতিক মহল।