দিল্লিতে ছাত্রাবাসধসের ঘটনায় নিহত বেড়ে ৫  

দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জানান, যুদ্ধকালীন তৎপরতার মতো গুরুত্ব দিয়ে উদ্ধারকাজ চলছে।

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ এএম

ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতন এলাকায় একটি বহুতল ছাত্রাবাস (পেইং গেস্ট) ধসে নিহতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে। ভবনের ধ্বংসস্তূপে এখন ৪০ থেকে ৫০ শিক্ষার্থী আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাদের উদ্ধারে অভিযান চলছে। 

রবিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে (এআইআইএমএস) চিকিৎসাধীন আরও এক আহত শিক্ষার্থী মারা গেলে নিহতের সংখ্যা ৫ জনে পৌঁছায়।

দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জানান, যুদ্ধকালীন তৎপরতার মতো গুরুত্ব দিয়ে উদ্ধারকাজ চলছে।

এ পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে ১১ শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। তাদের কাছাকাছি বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এআইআইএমএস ট্রমা সেন্টারে ভর্তি দুজনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এর আগে রবিবার বেলা ১টা ৩৪ মিনিটের দিকে নয়াদিল্লির দক্ষিণ ক্যাম্পাস থানায় ভবনধসের খবর আসে। প্রাথমিক তদন্তের ভিত্তিতে ঘটনাস্থলে থাকা এক পুলিশ কর্মকর্তা জানান, ভবনটি ধসে পড়ার সময় সেখানে ৪০ থেকে ৫০ শিক্ষার্থী ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানায়, ধসে পড়া ভবনটি ছেলেদের পেইং গেস্ট (পিজি) হিসেবে ব্যবহৃত হতো। প্রত্যক্ষদর্শী একজন বার্তা সংস্থা এএনআইকে বলেন, পাঁচতলা ভবনটির নাম হোস্টেল ডেজ। এটি ছেলেদের থাকার জন্য ব্যবহৃত হতো। 

উদ্ধার অভিযানে দিল্লি দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (ডিডিএমএ), জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), দিল্লি ফায়ার সার্ভিস, দিল্লি পুলিশ, দিল্লি মিউনিসিপ্যাল করপোরেশন (এমসিডি), সিটিএস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অংশ নিচ্ছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত