খিলক্ষেতে হোটেলে শর্ট সার্কিটে আগুন ৪ কর্মচারী দগ্ধ

রাজধানীর খিলক্ষেতের একটি হোটেলে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে হোটেলের চার কর্মচারী দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে। গতকাল শুক্রবার ভোরে খিলক্ষেতের ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টে এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন মনসুর (৩২), আব্দুল মতিন (৬৭), মাহিন (১৭) ও আব্দুল জলিল (৬৭)। দগ্ধরা জানান, ভোরে হোটেলের এসি মেরামতের সময় সেখানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন ধরে যায়। এতে হোটেলের চার কর্মচারী দগ্ধ হন। সঙ্গে সঙ্গে তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। তবে ঘটনার বিস্তারিত জানাতে অনিচ্ছা প্রকাশ করে হোটেল কর্তৃপক্ষ।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, মনসুরের শরীরের ২১ শতাংশ, আব্দুল মতিনের ৫, মাহিনের ৫ ও আব্দুল জলিলের ৮ শতাংশ পুড়ে গেছে। মনসুরকে ভর্তি রাখা হয়েছে আর বাকি তিনজন অবজারভেশনে রাখা হয়েছে।