শিশু ধর্ষণ মামলায় আদালতের দেওয়া ১০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মামুন হাওলাদারকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শুক্রবার (১৩ মার্চ) দুপুরে নরসিংদী জেলার মাধবদী থানা এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব-৮, বরিশাল ও র্যাব-১১, নরসিংদীর একটি যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুর ২টা ৪০ মিনিটের দিকে মাধবদী থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পিরোজপুর জেলার পলাতক আসামি মামুন হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। তিনি পিরোজপুর জেলার সিকদার মল্লিক এলাকার বাসিন্দা সোবহান হাওলাদারের ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, মামুন হাওলাদারের বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় দায়ের করা শিশু ধর্ষণ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। মামলাটির জি আর নং ৯৩/২০১৭ এবং মামলা নং ০৮, তারিখ ১২ মে ২০১৭। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৪)(খ) ধারা এবং দণ্ডবিধির ৩২৪/৫০৬ ধারায় দায়ের করা মামলাটি আদালতে প্রমাণিত হওয়ায় তাকে দোষী সাব্যস্ত করা হয়।
আদালত রায়ে তাকে ১০ বছর সশ্রম কারাদণ্ড ও ১৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। তবে রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
র্যাব-৮, বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, গ্রেপ্তারের পর সাজাপ্রাপ্ত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নরসিংদীর মাধবদী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।