দরিদ্রতা কমিয়ে আনাই প্রধান লক্ষ্য: এমপি সফিকুর কিরণ

দরিদ্রতা কমিয়ে আনাই প্রধান লক্ষ্য বলে মন্তব্য করেছেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য সফিকুর রহমান কিরণ।

তিনি বলেন, নশাসন ইউনিয়নের প্রায় ৭০০টি দরিদ্র পরিবারের হাতে সহায়তার ব্যাগ তুলে দেওয়া হয়। আমরা অসহায়ের মাঝে সহায়তা পৌঁছে দিতে পেরেছি। আমাদের বিশ্বাস, আগামী এক বছর পর যখন আবার রমজান মাস আসবে, তখন এই ফাউন্ডেশনের কার্যক্রম আরও বিস্তৃত হবে। এমন একটি সময় আসবে, যখন আমরা সহায়তার ব্যাগ নিয়ে অপেক্ষা করবো, কিন্তু এত হতদরিদ্র মানুষ আর খুঁজে পাওয়া যাবে না।

শনিবার (১৪ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার মাঝিরহাট এলাকায় হালিমা-খালেক ফাউন্ডেশনের আয়োজনে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে এমপি সফিকুর রহমান কিরণ এসব কথা বলেন। 

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আরও এগিয়ে যাবে- এটাই আমাদের বিশ্বাস। আমরা চাই দ্রুত সময়ের মধ্যেই আমাদের সমাজে যারা গৃহহারা,সাহায্য বঞ্চিত, যাদের পাশে দাঁড়ানোর কেউ নেই-বিশেষ করে অনেক বয়স্ক মানুষ আছেন, যাদের দেখাশোনার মতো ছেলে-মেয়ে নেই এবং অনেক সময় না খেয়েই দিন কাটাতে হয়-তাদের পাশে দাঁড়াতে।

এমপ বলেন, আমি চাই আমার নড়িয়া ও সখিপুর এলাকার মানুষ যেন আর কখনো না খেয়ে ঘুমাতে না যায়। এটাই আমার অঙ্গীকার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রয়েল মাঝি, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব অ্যাডভোকেট বিএম আজিজুল হাকিম, হালিমা-খালেক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও শরীয়তপুর সাংবাদিক সমিতি ঢাকার সভাপতি হাবিবুর রহমান পলাশ, পরিচালক মাহবুবুর রহমান ফকির, মোসাম্মৎ সাধনা মাঝি, হোসাইন ইসলাম জয়সহ বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মী ও এলাকার গন্যমান্য ব্যক্তিরা।

শরীয়তপুরের নড়িয়ায় পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে প্রায় ৭০০ জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।