কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা-কারাদণ্ড

গাজীপুরে গভীর গর্ত করে কৃষি জমি থেকে মাটি কাটার দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা ও এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৪ মার্চ) সকালে গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজ্জাদ হোসেনের নেতৃত্বে গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মঈন খান এলিস এই দণ্ডাদেশ দেন। 

দণ্ডপ্রাপ্ত আবু হানিফ (৪৫) গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানার আমবাগ এলাকার ওয়াজ আলীর ছেলে ও পেশায় মাটি ব্যবসায়ী।

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন বাঘিয়া ও আহাকী এলাকায় কৃষি জমি থেকে এ মাটি কাটা হচ্ছিল।

গাজীপুরের জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) আহাম্মদ হোসেন ভূঁইয়া জানান, গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানার বাঘিয়া ও আহাকী এলাকায় ফসলী জমি থেকে মাটি কেটে অন্যত্র কৃষি জমি ভরাট করছিল কিছু অসাধু মাটি ব্যবসায়ী। এমন খবর পেয়ে শনিবার সকালে ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী আবু হানিফ নামে এক মাটি ব্যবসায়ীকে আটক করে ৫০ হাজার টাকা জরিমানা ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

তিনি জানান, ফসলি জমি থেকে মাটি কাটা দণ্ডনীয় অপরাধ। এর আগেও গাজীপুরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কয়েকজনকে কারাদণ্ড এবং জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।