প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আগামীকাল দুপুর ১২টায় এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরের নিউরো সায়েন্স হাসপাতালে নেওয়া হবে। তার চিকিৎসার জন্য ইতিমধ্যেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতির জন্য তাকে দ্রুত সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। গত কয়েকদিন ধরে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তবে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা।
মির্জা আব্বাসের ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল জানান, আগামীকাল রবিবার বেলা ১২টায় এয়ার এ্যাম্বুলেন্স যোগে তাকে সিঙ্গাপুর নেওয়া হবে। মির্জা আব্বাসের সহধর্মিনী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস এবং জ্যেষ্ঠ সন্তান মির্জা ইয়াসির আব্বাস ভাশন তার সাথে যাবেন।
শুক্রবার রাজধানী এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যের মস্তিষ্কের অস্ত্রোপচারের পর তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। বৃহস্পতিবার ইফতারে পানি পান করার সময় হঠাৎ করে জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস।
এদিকে, মির্জা আব্বাসের দ্রুত আরোগ্য কামনায় বিএনপির নেতাকর্মীরা দোয়া ও মোনাজাত করছেন। দলটির শীর্ষস্থানীয় নেতারাও তার শারীরিক অবস্থার খোঁজখবর নিচ্ছেন।