সাবেক সেনা কর্মকর্তা লে. জেনারেল হাসান সারওয়ার্দী ও বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে ১০ দিন এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে ৫ দিনের রিমান্ডে চাইবে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বুধবার (১ নভেম্বর) দুপুরে রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।
ডিবি প্রধান বলেন, আমাদের কাছে তিনজন গ্রেপ্তার আছে। এর মধ্যে মির্জা আব্বাসকে শাহজাহানপুর থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে। তার ৫ দিনের রিমান্ড চাইবো আমরা। আর আলালকে পল্টন থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে। তাকে ১০ দিনের রিমান্ডে চাইবো।
এছাড়া ২৮ অক্টোবর বিএনপির সমাবেশ ঘিরে তাণ্ডবের দিন মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের কথিত উপদেষ্টাকে দলীয় কার্যালয়ে হাজিরের ঘটনায় পল্টন থানায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তার সারওয়ার্দীকে আমরা ১০ দিনের রিমান্ড চাইবো।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা এফআইআরভুক্ত আসামি তাদের দুইটা পথ খোলা আছে। হয় তারা আদালতে হাজির হবে নয়তো আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী তাদেরকে গ্রেপ্তার করবে। এটা তো আমাদের রুটিন কাজ। যাদের বিরুদ্ধে মামলা থাকবে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো।
ডিবি প্রধান বলেন, আমরা জনগণের সেবা দেই, আর সেই পুলিশ সদস্যকে তারা কুপিয়ে হত্যা করেছে। প্রায় একশ জনের মতো পুলিশ সদস্য মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এই মামলাগুলো যাদের নামে হয়েছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।